মোহাম্মদ নুরে আলম প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার হিসেবে পরিচিত তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাতকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চাঞ্চল্যকর গিয়াস উদ্দিন অপহরণ ও হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি। তাঁর বিরুদ্ধে কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবানের বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, ডাকাতি, অস্ত্র, চুরি ও ছিনতাইসহ ২৫টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, লুণ্ঠিত একটি ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল, তিনটি ইমিটেশনের চেইনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের নির্দেশনায় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে চকরিয়া থানা, রামু থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
গত ১২ নভেম্বর রাতে চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি উত্তরপাড়ায় পারভেজ মোশাররফের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৭ ভরি স্বর্ণালংকার, দুটি স্মার্টফোন, ইমিটেশনের চেইন ও একটি ইয়ামাহা মোটরসাইকেল লুট করে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় ২৬ নভেম্বর চকরিয়া থানায় তৌহিদসহ নয়জনকে আসামি করে মামলা করা হয়।
একই রাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিলে আলী আকবরের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। সেখানে পরিবারের সদস্যদের জিম্মি ও মারধর করে তিনটি মুঠোফোন, নগদ ৩ লাখ ৫ হাজার টাকা এবং প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার লুট করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মাতামুহুরী সেতুর ওপর থেকে গিয়াস উদ্দিনকে অপহরণ করা হয়। পরে তাঁকে হত্যা করে সেতুর ওপর মরদেহ ফেলে রাখা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তৌহিদ এজাহারনামীয় এক নম্বর আসামি।
৪০-৫০ জনের ডাকাত বাহিনী পরিচালনার অভিযোগ
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তৌহিদের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল সক্রিয় রয়েছে। পুলিশের দাবি, তাঁর বাবা কাশেম ডাকাতের মাধ্যমে অপরাধজগতে তাঁর হাতেখড়ি হয়। তাঁর ছোট ভাই জাহেদুল ইসলাম প্রকাশ জাহেদ ডাকাতও এ চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া নবী হোসেন প্রকাশ নইব্যা চোরাকে চক্রটির দ্বিতীয় প্রধান ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
ডাকাতির অর্থে চকরিয়ার কাকারা ইউনিয়নের উত্তর লোটনীতে তিনতলা বাড়ি এবং বান্দরবানের লামার ফাইতং এলাকায় বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি নির্মাণের তথ্য পেয়েছে পুলিশ। তাঁর স্ত্রী রুমা আক্তারের সম্পৃক্ততা এবং আত্মীয়স্বজনের নামে সম্পদ গড়ে তোলার অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশের তথ্য অনুযায়ী, তৌহিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৫টির বেশি মামলা রয়েছে। এ ছাড়া চকরিয়া থানায় তাঁর বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
চকরিয়া থানার ওসি আরিফুর রহমান জানান, গ্রেপ্তার তৌহিদের অপরাধচক্র, সহযোগী এবং অপরাধলব্ধ সম্পদের বিষয়ে অনুসন্ধান চলছে। সংঘবদ্ধ ডাকাত ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM