মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সাপ্লিমেন্টারি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বোর্ডের প্রশাসনিক ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের সমাধান দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পরীক্ষা নিয়ন্ত্রক ও সিনিয়র সিস্টেম এনালিস্ট।
সভাপতির বক্তব্যে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের স্বার্থে শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কেন্দ্রের আওতাধীন সব মহাবিদ্যালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় সাধন করতে হবে। পাশাপাশি পরীক্ষা সুন্দরভাবে আয়োজনে জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষক এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
বোর্ড সূত্রে জানা গেছে, এবারের ২০২৬ সালের এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৪৯ হাজার ৯৩ জন। এর মধ্যে ছাত্র ২৭ হাজার ৬৪৭ জন এবং ছাত্রী ২১ হাজার ৪৪৬ জন। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলায় মোট ৭০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (রেকর্ড ও সনদ) মো. মুঞ্জুর রহমান খানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বোর্ডের সিনিয়র সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) মোসা: সেলিনা পারভীন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোঃ জাহিদুর রহিম, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার এবং বোর্ডের আওতাধীন ৮টি জেলার ৭০টি কেন্দ্র থেকে আগত সম্মানিত কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।
সবশেষে সভার সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর মঙ্গল ও সাফল্য কামনা করেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM