রাজশাহী ব্যুরো:
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে রাজশাহীতে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে এ ঘটনায় একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন ও যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্না।
বুধবার (২৬ নভেম্বর) নগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন লিমন। একই দিন রাজশাহী কলেজে সংবাদ সম্মেলন করেন মান্না।
এর আগে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে দুই গ্রুপের অনুসারীদের মধ্যে থেমে থেমে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষ চলে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ সময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলেও দাবি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে।
লিমনের বক্তব্য
সংবাদ সম্মেলনে লিমন অভিযোগ করেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শাহিনুর ইসলামকে আটক করে পুলিশে দেওয়ায় তার ওপর ও তার অনুসারীদের ওপর হামলা চালিয়েছেন মান্নার অনুসারীরা।
তিনি বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে পতিত আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিভিন্ন তৎপরতার আশঙ্কার মধ্যে দলের কিছু বিপথগামী নেতাকর্মীর প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করার সাহস দেখাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
তার বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে লিমন বলেন, তার বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত ও চাঁদাবাজির মতো গুরুতর, মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। তিনি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সামান্যতম সত্যতাও যদি কেউ তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে তিনি শুধু মহানগর ছাত্রদলের সদস্য সচিবের পদ থেকে অব্যাহতি নেবেন না, বরং নিজেকে আইনের কাছে সোপর্দ করতেও প্রস্তুত আছেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার কারণেই দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি মনে করেন।
মান্নার বক্তব্য
অপর এক সংবাদ সম্মেলনে মান্না দাবি করেন, শাহিনুর ছাত্রলীগের কর্মী নন। তিনি নির্বাচনের সময় ভোটকেন্দ্রে বিএনপি প্রার্থীর এজেন্ট ছিলেন।
মান্নার দাবি, লক্ষ্মীপুরে একটি প্রতিষ্ঠানে চাকরিরত তার ভাই কাজ শেষে বের হয়ে আইএইচটি কলেজের সামনে পুকুরের ধারে খেতে গিয়েছিলেন। সেখানে সামনে বসা এক ব্যক্তির ওপর অতর্কিত হামলা চালানো হয়। তার ভাই ওই ঘটনায় বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়।
তিনি বলেন, তার ভাই তাকে ফোন করে জানানোর পর তিনি সেখানে গিয়ে ভাইকে উদ্ধার করে বাসায় দিয়ে আসেন। পরে তার ভাইয়ের বাসায়ও হামলা করা হয় বলে তিনি অভিযোগ করেন। তার ভাই বর্তমানে অসুস্থ অবস্থায় বাসায় বিছানায় রয়েছেন বলেও জানান তিনি।
মান্না বলেন, একটি বিএনপি করা ছেলেকে কেন মারধর করা হলো, তাদের প্রতিবাদ সেই জায়গায়। তিনি এ ঘটনায় লিমনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ সময় তিনি আরও অভিযোগ করেন, লিমন রাজশাহী শহরে সর্বপ্রথম চাঁদাবাজির মামলা খেয়েছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তার চাঁদাবাজির রেকর্ড রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে লিমন আগেই তা অস্বীকার করেছেন।
সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM