চুয়াডাঙ্গা প্রতিনিধি:
খুলনা বিভাগের দুটি জেলায় ইতোমধ্যে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন হলেও চুয়াডাঙ্গায় এখনো নির্বাচনের কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। এতে জেলার ক্রিকেটার, খেলোয়াড় ও সাধারণ ক্রীড়াপ্রেমীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে একটি নির্বাচিত ও জবাবদিহিমূলক কমিটি গঠনের জোর দাবি জানিয়েছেন তাঁরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অ্যাডহক কমিটির মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তবে নির্দিষ্ট সময় পার হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনী প্রক্রিয়া শুরু না হওয়ায় জেলার ক্রীড়াঙ্গনে স্থবিরতা নেমে এসেছে বলে মনে করছেন ক্রীড়াবিদরা।
স্থানীয় ক্রিকেটার ও ক্রীড়াপ্রেমীরা অ্যাডহক কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রতি প্রশ্ন রেখে বলেন, আর কতদিন এভাবে অপেক্ষা করতে হবে এবং কবে নাগাদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে? তাঁদের মতে, অযথা কালক্ষেপণ না করে স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত নির্বাচন আয়োজন করা এখন সময়ের দাবি।
ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, একটি নির্বাচিত ও জবাবদিহিমূলক কমিটি দায়িত্ব গ্রহণ করলে চুয়াডাঙ্গার ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গন আবারও প্রাণ ফিরে পাবে এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার পথ সুগম হবে। তাই জেলার ক্রীড়াঙ্গনের বৃহত্তর স্বার্থে অবিলম্বে নির্বাচনী তফসিল ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM