মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় এই অভিযান চালানো হয়।
এ ঘটনায় ট্রাকচালক আব্দুল মান্নানকে (৩৮) আটক করা হলেও মূল অভিযুক্ত বিসিআইসি (BCIC) সার ডিলার হুমায়ুন কবির পলাতক রয়েছেন। আটক চালক আব্দুল মান্নান যশোরের অভয়নগর উপজেলার মশিউরনগর এলাকার আব্দুর রহিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড়ে অবস্থান নেয় সদর মডেল থানা পুলিশ। যশোরের নওয়াপাড়া থেকে ছেড়ে আসা সারবোঝাই ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ সেটিতে তল্লাশি চালায়। এ সময় অবৈধভাবে পরিবহন করা ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাকটি জব্দ করা হয় এবং চালককে আটক করা হয়।
ডিলারের বিরুদ্ধে অভিযোগ ও আত্মগোপন
স্থানীয় সূত্রগুলোর দাবি, জব্দকৃত সারগুলো গোলাপেরহাটের বিসিআইসি ডিলার হুমায়ুন কবিরের গুদামের উদ্দেশ্যে আনা হচ্ছিল। তিনি দীর্ঘদিন ধরে সরকারি ভর্তুকির সার কালোবাজারে বিক্রির একটি সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। পুলিশি অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ডিলার হুমায়ুন কবির আত্মগোপনে চলে যান। ঘটনার পর থেকে তাঁর দোকান ও মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে কালোবাজারে নেওয়ার পথে সারসহ ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM