মোঃ হাফিজুল ইসলাম ফুলবাড়িয়া (ময়মনসিংহ )প্রতিনিধি
(কলার দাম অর্ধেকেরও নিচে, উৎপাদন খরচ তুলতে হিমশিম; সার সংকট ও কৃষি কর্মকর্তাদের পরামর্শ না পাওয়ার অভিযোগ)
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় সাগর কলার দাম ব্যাপকভাবে কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন কলা চাষিরা। উৎপাদিত কলা বিক্রি করেও চাষের খরচ তুলতে পারছেন না অনেক কৃষক। বাজারে কলার দাম অস্বাভাবিক কমে যাওয়ায় তাঁদের মাথায় হাত পড়েছে।
কৃষকদের অভিযোগ, আগে যে এক কলার কাদি ৩০০ টাকায় বিক্রি হতো, বর্তমানে সেই কাদি ১৪০ টাকাও বিক্রি হচ্ছে না। এতে জমি প্রস্তুত, চারা রোপণ, পরিচর্যা, শ্রমিকের মজুরি ও পরিবহনসহ উৎপাদনের পেছনে ব্যয় করা অর্থ তুলতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের।
এদিকে কলা চাষে ব্যবহৃত সারসহ কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ আরও বৃদ্ধি পেয়েছে। কৃষকদের অভিযোগ, চাহিদা অনুযায়ী সরকারি সার পাচ্ছেন না তাঁরা। সরকারি সার না পেয়ে অনেক ক্ষেত্রে বেশি দামে সার কিনে জমিতে প্রয়োগ করতে হচ্ছে, যা তাঁদের খরচের বোঝা আরও বাড়িয়ে দিচ্ছে।
কৃষকদের আরও অভিযোগ, উপজেলার অধিকাংশ কলা চাষিই জানেন না তাঁদের কৃষি কর্মকর্তা কে, কিংবা কৃষি সংক্রান্ত সমস্যায় পরামর্শ নিতে কোথায় যাবেন। মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের সঙ্গে কৃষকদের যোগাযোগ ও পরামর্শের সুযোগ না থাকায় অনেকটা নিজেদের অভিজ্ঞতার ওপর নির্ভর করেই চাষাবাদ করছেন তাঁরা। ফলে আধুনিক চাষাবাদ পদ্ধতি, সঠিক সার ব্যবস্থাপনা ও রোগবালাই দমনে প্রয়োজনীয় পরামর্শ থেকেও বঞ্চিত হচ্ছেন বলে জানান কৃষকরা।
একদিকে উৎপাদন খরচ বৃদ্ধি, অন্যদিকে বাজারে কলার দাম কমে যাওয়া এবং সার সংকট—সব মিলিয়ে চরম বিপাকে পড়েছেন ফুলবাড়ীয়ার সাগর কলা চাষিরা। তাঁদের দাবি, কলার ন্যায্যমূল্য নিশ্চিত করা, সরকারি সার সরবরাহ স্বাভাবিক করা এবং কৃষকদের পাশে দাঁড়াতে কৃষি বিভাগের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM