মোঃ মাকসুদুর রহমান শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় তাদের ভারতে যেতে সহায়তার অভিযোগে শেরপুরের তিন ব্যক্তিকে পলাতক আসামি করে মামলা দায়ের করেছে বিজিবি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) তাদের আটক করে।
আটক দুই কিশোর হলো—নোয়াখালীর হাতিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের কৃষ্ণপদ দাসের ছেলে অপু চন্দ্র দাস (১৭) এবং একই উপজেলার মৌলভী গ্রামের শিপন জল দাসের ছেলে চন্দন জল দাস (১৩)।
বিজিবি সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোররা জানিয়েছে, ভারতে বসবাসরত তাদের চাচার কাছে শ্রমিক হিসেবে কাজ করার উদ্দেশ্যে তারা সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। এ কাজে অর্থের বিনিময়ে তাদের সহায়তা করছিলেন শেরপুরের শ্রীবরদী উপজেলার তিন ব্যক্তি।
অভিযুক্ত ওই তিন ব্যক্তি হলেন—বাবেলাকোনা গ্রামের নেহালের ছেলে মো. মামুন (২২), একই গ্রামের জয়নালের ছেলে মো. কালু মিয়া (৩৫) এবং চান্দাপাড়া গ্রামের শফিক মিয়ার ছেলে মো. মাসুদ মিয়া (২৫)।
অভিযানের পর আটক দুই কিশোরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশে সহায়তার অভিযোগে ওই তিনজনকে পলাতক আসামি করে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স নীতিতে দায়িত্ব পালন করছে বাহিনীটি।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM