এ আই তারেক (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে প্রাণনাশ ও লাশ গুম করার হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুল হক ওরফে মনির মিয়াসহ দুজনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক ব্যক্তি। গত ২০ নভেম্বর শাহাজান নামের ওই ব্যক্তি কমলনগর থানায় জিডিটি করেন। যার জিডি নম্বর-৯০৬।
জিডি সূত্রে জানা গেছে, অভিযোগকারী শাহাজান কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামের আলী মাঝির বাড়ির বাসিন্দা। জিডিতে বিবাদী হিসেবে একই এলাকার মধ্য হাজী বাড়ির মনিরুল হক ওরফে মনির মিয়া (৬০) এবং ফাহাদ (২৮)-এর নাম উল্লেখ করা হয়েছে।
জিডিতে শাহাজান উল্লেখ করেন, গত ২০ নভেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া এলাকায় আলী মাঝির বাড়ির দরজার সামনে তাঁর বাড়ির সামনের রাস্তায় পূর্বশত্রুতা কিংবা ভুল বোঝাবুঝির জেরে বিবাদীদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুল হক তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণে মেরে লাশ গুম করার প্রকাশ্য হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
জিডিতে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় উপস্থিত সাক্ষীসহ স্থানীয় অনেকে বিষয়টি দেখেছেন ও শুনেছেন। হুমকির পর থেকে শাহাজান ও তাঁর পরিবারের সদস্যরা প্রাণভয়ে এবং নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে দাবি করেন তিনি। জীবনের নিরাপত্তা চেয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।
তবে প্রাণনাশের হুমকির অভিযোগ অস্বীকার করে মনিরুল হক বলেন, 'এটি জমি সংক্রান্ত বিরোধ।'
এ বিষয়ে জিডির তদন্তকারী কর্মকর্তা কমলনগর থানার এএসআই দেবাশীষ বলেন, 'প্রাণনাশের হুমকির অভিযোগে মনিরুল হকসহ দুজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।'
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM