দৌলতদিয়ায় পতিতালয় ও মাদকের মিতালি, নেপথ্যের কারণ জানালেন: গোয়ালন্দঘাট থানার ওসি, সফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার:
পতিতালয় ও মাদকের বিস্তারের মধ্যে রয়েছে ঘনিষ্ঠ যোগসূত্র। এর পেছনে সামাজিক, রাজনৈতিক, ভৌগোলিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক নানা কারণ কাজ করে। দারিদ্র্য, মানসিক চাপ, অপরাধী চক্রের নিয়ন্ত্রণ, গ্রাহকদের চাহিদা এবং সামাজিক বিচ্ছিন্নতার কারণে পতিতালয়কেন্দ্রিক মাদকের বিস্তার ঘটতে পারে বলে তুলে ধরেছেন রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মো. সফিকুল ইসলাম।
সোমবার (২৩ নভেম্বর) রাতে ‘গোয়ালন্দ রাজবাড়ী’ নামের একটি ফেসবুক আইডিতে ‘পতিতালয় ও মাদকের মিতালি’ শিরোনামে দেওয়া এক পোস্টে এসব বিষয় তুলে ধরেন তিনি।
সমাজবিজ্ঞান ও অপরাধবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করে ধারাবাহিকভাবে লেখার ঘোষণা দিয়েছেন ওসি।
পোস্টে ওসি, সফিকুল ইসলাম উল্লেখ করেন, পতিতাবৃত্তিতে জড়িত অনেক নারী দারিদ্র্য, প্রতারণা, সামাজিক ও পারিবারিক বঞ্চনার শিকার হয়ে এ পেশায় আসেন। তাঁদের মধ্যে কেউ কেউ তীব্র মানসিক চাপ, হতাশা, একাকীত্ব ও শারীরিক ক্লান্তি থেকে সাময়িক মুক্তি পেতে মাদকের ওপর নির্ভরশীল হয়ে পড়েন।
তিনি আরও লেখেন, কিছু ক্ষেত্রে দালাল বা নিয়ন্ত্রণকারী চক্র মাদকে আসক্ত করে যৌনকর্মীদের জিম্মি রাখে। মাদকের পেছনে আয়ের বড় অংশ ব্যয় হওয়ায় তাঁদের সঞ্চয় থাকে না। ফলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পেরে তাঁরা ওই চক্রের ওপর নির্ভরশীল হয়ে পড়েন।
ওসির বিশ্লেষণে উঠে এসেছে, পতিতালয়ে আসা কিছু গ্রাহকের কাছে মাদকও বিনোদনের অনুষঙ্গ হয়ে ওঠে। তাঁদের চাহিদাকে কেন্দ্র করে সেখানে মাদকের বাজার তৈরি হয়। একই সঙ্গে গ্রাহক ও যৌনকর্মীদের সংকোচ কাটানো কিংবা মানসিক জড়তা দূর করার অজুহাতেও মাদকের ব্যবহার বাড়তে পারে।
অপরাধী চক্রের অভিন্ন নেটওয়ার্কের বিষয়টিও পোস্টে তুলে ধরেন তিনি। তাঁর মতে, পতিতালয় ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত অপরাধী চক্রগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে যোগাযোগ ও যোগসূত্র থাকে। মাদক কারবারিরা এসব স্থানকে মাদক সরবরাহ, লেনদেন ও সেবনের ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে পারে।
এ ছাড়া সামাজিক বিচ্ছিন্নতা, স্বাস্থ্যসচেতনতার অভাব, কাউন্সেলিং ও পুনর্বাসনের সীমিত সুযোগ মাদকনির্ভরতা থেকে বেরিয়ে আসার পথে বাধা হয়ে দাঁড়ায় বলে উল্লেখ করেন ওসি।
পোস্টের তিনি আরও বলেন, পতিতালয় ও মাদকের সংস্পর্শে আসা ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজন উপযুক্ত পরিবেশ, মানসিক সহায়তা, পুনর্বাসন ও সামাজিক সহযোগিতা।
ওসি সফিকুল ইসলাম তাঁর পোস্টের শেষে ‘চলবে’ উল্লেখ করে বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে আরও লেখার ইঙ্গিত দিয়েছেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM