এস এম আনোয়ার স্টাফ রিপোর্টার:
দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং বেকারত্ব দূরীকরণে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান কর্মসূচির কর্মশালা। বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় আয়োজিত এ কর্মশালায় সম্ভাবনাময় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং নতুন ব্যবসায়িক উদ্যোগে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার তরুণ-তরুণী, শিক্ষার্থী, সম্ভাবনাময় উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক সাকিউর রহমান ও যমুনা ব্যাংকের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
যমুনা ব্যাংক মনোহরগঞ্জ শাখার ব্যবস্থাপক নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং ডাচ্-বাংলা ব্যাংকের মনোহরগঞ্জ সাব-ব্রাঞ্চের নির্বাহী কর্মকর্তা নয়ন চন্দ্র নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মনোহরগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মাসুদুল আলম বাচ্চু, সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হাই এবং সোনালী ব্যাংক মনোহরগঞ্জ শাখার ব্যবস্থাপক সাইদুল ইসলাম।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ও বেকারত্ব নিরসনে তরুণ উদ্যোক্তাদের বিকল্প নেই। দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা মেধাবী ও সম্ভাবনাময় তরুণদের চিহ্নিত করে প্রয়োজনীয় প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও আর্থিক সহযোগিতা দেওয়া গেলে তারা কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলারও আহ্বান জানান তারা।
আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করে তাদের নতুন ব্যবসা ও উদ্যোগ গ্রহণে উৎসাহিত করা হবে। নির্বাচিত উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ সুবিধার ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে তরুণরা সহজ শর্তে অর্থায়নের সুযোগ পেয়ে নিজেদের উদ্যোগ সম্প্রসারণ করতে পারবেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ মনোহরগঞ্জের তরুণ সমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM