মোঃ মনিরুজ্জামান তালুকদার,কলাপাড়া উপজেলা প্রতিনিধি:
পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের শত বছরের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব রাস পূজা ও রাস মেলা। পাঁচ দিনব্যাপী এ উৎসবকে ঘিরে কুয়াকাটা সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। আয়ো জকদের প্রত্যাশা, এবারের উৎসবে দেশ-বিদেশের প্রায় দুই থেকে তিন লাখ মানুষের সমাগম ঘটবে।
আজ সোমবার (২৩ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে এ রাসমেলা ও রাস পূজা উৎসব।
উৎসবকে সামনে রেখে কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে প্রস্তুতির কাজে শেষ। নতুন সাজে সাজানো হয়েছে মন্দির প্রাঙ্গণ। কারিগরদের নিপুণ রংতুলির আঁচড়ে সাজিয়ে তোলা হচ্ছে ১৭ জোড়া যুগল প্রতিমা।
সংশ্লিষ্টরা জানান, সোমবার (২৩ নভেম্বর) রাতভর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরে চলবে সংগীতানুষ্ঠান, ভাগবত পাঠ ও মহানাম সংকীর্তন। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে কুয়াকাটা সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হবে গঙ্গাস্নান বা পুণ্যস্নান। এদিকে একই দিন বিকেল থেকে কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমেও শুরু হবে তিন দিনব্যাপী রাসমেলা।
এদিকে, রাস উৎসব ঘিরে কুয়াকাটা সমুদ্রসৈকতে বসবে সহস্রাধিক অস্থায়ী দোকান। এসব দোকানে থাকবে বিভিন্ন ধরনের পণ্য, খাবার ও লোকজ সামগ্রীর সমাহার। ফলে ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি মেলাকে কেন্দ্র করে পর্যটন এলাকাতেও বাড়বে উৎসবের প্রাণচাঞ্চল্য।
কুয়াকাটার এক ব্যবসায়ী বলেন, 'আমরা এখানকার ব্যবসায়ীরা প্রতিবছর রাস মেলার অপেক্ষায় থাকি কারন এসময় কুয়াকাটায় তুলনামূলক পর্যটকদের আনাগোনা বেশি থাকে, এজন্য আমাদের বেচাকেনা ভালো হয়। এ বছরও আমরা ব্যবসায়ীরা প্রস্তুত রয়েছি এবং প্রত্যাশা করছি রাসমেলাকে কেন্দ্র করে আমাদের বিক্রয় আরও বৃদ্ধি পাবে। '
রাস উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মন্ডল বলেন, 'ইতিমধ্যে সকল আয়োজন সম্পন্ন হয়েছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি পুণ্যার্থীদের সর্বোচ্চ সহযোগিতা ও সুবিধা দিতে।'
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, ‘কুয়াকাটা সমুদ্রসৈকতে রাস উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর দুই থেকে তিন লাখ মানুষের সমাগম ঘটে। এ বছরও একই ধরনের সমাগম হবে বলে আমরা আশা করছি। এ বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’
শত বছরের ঐতিহ্য, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সম্প্রীতির আবহে রাস উৎসবকে ঘিরে এখন শেষ মুহূর্তের অপেক্ষায় কুয়াকাটা ও কলাপাড়ার মানুষ।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM