মো:সুজন আহমেদ সাভার (উপজেলা প্রতিনিধি):
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় অন্তত তিনজন শ্রমিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। একই সঙ্গে শিল্পাঞ্চলের ৪৬টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।
সোমবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ গ্রুপের কারখানাগুলোকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। আহত শ্রমিকরা হলেন সিরাতুব, রেখা ও সুইটি। তারা সবাই নিউ এইজ গ্রুপের কর্মী। আহতদের আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল থেকেই শ্রমিকরা নির্ধারিত সময় অনুযায়ী কাজে যোগ দিয়ে হাজিরা নিশ্চিত করেন। তবে কিছু সময় পর কয়েকটি কারখানার শ্রমিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে উৎপাদন বন্ধ রেখে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন।
তিনি বলেন, নিউ এইজ গ্রুপে সাধারণ ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে আসেন। পরে একাংশ প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় সাভার সরকারি কলেজের শিক্ষার্থীবাহী একটি বাস ওই এলাকা অতিক্রম করলে শ্রমিকদের সঙ্গে বাসের যাত্রীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা বাসটির কাচ ভাঙচুর করেন এবং পাশের কয়েকটি কারখানায় প্রবেশের চেষ্টা চালান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমে শ্রমিকদের সতর্ক করে। পরে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। এ সময় দৌড়াদৌড়ির মধ্যে পড়ে গিয়ে তিন শ্রমিক আহত হন।
শিল্প পুলিশ জানায়, উদ্ভূত পরিস্থিতিতে ২১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আরও তিনটি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে উৎপাদন বন্ধ রেখেছেন। এছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় আগে থেকেই ২২টি কারখানা বন্ধ ছিল। সব মিলিয়ে বর্তমানে আশুলিয়া শিল্পাঞ্চলের ৪৬টি কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবির টহলও জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM