জিএম মাকছুদুর রহমান, স্টাফ রিপোর্টার:
ডিসেম্বরকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে কুমিল্লা মহানগর মহিলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া আক্তারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার (২২ নভেম্বর) রাতে শহরতলীর দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ডিবির একটি দল। ডিবির উপ-পরিদর্শক (এসআই) তৌকিক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন। কুমিল্লা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুল আলম শাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন ডিসেম্বর মাসকে সামনে রেখে সোনিয়া আক্তারের নেতৃত্বে নাশকতার ছক কষা হচ্ছিল। গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে তাঁকে আইনের আওতায় আনা হয়। এ বিষয়ে ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, "সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোনিয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার মামলায় তাঁকে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত সাঁড়াশি অভিযান চলছে। এই বিশেষ অভিযানের অংশ হিসেবেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM