সাঈদ ইবনে হানিফ, যশোর:
একসময় খরস্রোতা ভৈরব নদীর পানির কলকল শব্দে মুখরিত থাকত যশোর শহর। নদীর দুই পাড়ে মানুষের আড্ডা, পানির ঢেউ আর নদীর স্বাভাবিক প্রবাহে প্রাণবন্ত ছিল শহরের পরিবেশ। কিন্তু কালের আবর্তে দখল, দূষণ ও বর্জ্য ফেলার কারণে ক্রমেই অস্তিত্ব সংকটে পড়ে শহরের বুক চিরে বয়ে চলা ঐতিহ্যবাহী ভৈরব নদী।
কয়েক বছর আগে নদী খনন প্রকল্পের মাধ্যমে ভৈরব কিছুটা প্রাণ ফিরে পেলেও শহরের বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা ও বর্জ্য ফেলার কারণে আবারও নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। একপর্যায়ে নদীর শহর অংশের প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে কচুরিপানা। এতে নদীর সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পানি প্রবাহে সৃষ্টি হয় প্রতিবন্ধকতা।
দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও নদীটি পরিষ্কারের কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। অবশেষে শৈশবের স্মৃতিবিজড়িত ভৈরব নদীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার প্রত্যয় নিয়ে এগিয়ে আসেন যশোরের তরুণ চিকিৎসক ডাক্তার ঊষা।
কিছুদিন আগে তিনি একাই নদীতে নেমে কচুরিপানা পরিষ্কারের কাজ শুরু করেন। তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন অঞ্চলের স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের নজরে আসে। পরে তাঁর উদ্যোগে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবীরা ভৈরব নদী পরিষ্কারের কাজে অংশ নিতে শুরু করেন।
দিনের পর দিন স্বেচ্ছাসেবীদের সম্মিলিত প্রচেষ্টায় নদী থেকে সরানো হচ্ছে কচুরিপানা। ফলে ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে ভৈরব নদীর শহর অংশ। দীর্ঘদিন কচুরিপানার আড়ালে ঢেকে থাকা নদীর পানি ও প্রবাহের চিত্র আবারও সামনে আসতে শুরু করেছে।
একজন তরুণ চিকিৎসকের ব্যক্তিগত উদ্যোগ থেকে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা অভিযান এখন রূপ নিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলনের মাধ্যমে । সংশ্লিষ্টদের প্রত্যাশা, এভাবে ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকলে ভৈরব নদী তার হারানো সৌন্দর্য ও স্বাভাবিক প্রবাহ ফিরে পাবে।
তবে শুধু কচুরিপানা পরিষ্কার করলেই হবে না, নদীতে ময়লা-আবর্জনা ও বর্জ্য ফেলা বন্ধ এবং নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করাও জরুরি। তাহলেই আগামী প্রজন্মের জন্য ভৈরব নদীকে একটি পরিচ্ছন্ন ও প্রাণবন্ত নদী হিসেবে রক্ষা করা সম্ভব হবে।#
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM