মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন, দুটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও নগদ টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। উদ্ধার করা ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।
সোমবার (২৩ নভেম্বর) পরিচালিত পৃথক অভিযানে এসব মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। সোমবার রাতে রাজশাহীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তথ্য জানান এসআরবি-৫, রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়সাল ইসতিয়াক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন হাটপাড়া এলাকায় প্রথম অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাসান আলী ও আব্দুর রহিম নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন এবং অস্ত্র কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট নগদ ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তাদের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।
অন্যদিকে, একই দিন দিবাগত রাতে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন নওদাপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এসআরবি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ময়না বেগম ও শাহাদাত হোসেন নামে দুজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।
এসআরবি সূত্রে জানা যায়, আটক ময়না বেগম ও শাহাদাত হোসেন সম্পর্কে ভাই-বোন। প্রাথমিক অনুসন্ধানে তাদের মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতা এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।
সংবাদ সম্মেলনে এসআরবি-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়সাল ইসতিয়াক আরও জানান, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাহিনীটি। গত ছয় মাসে এসআরবি প্রায় ১৭টি অবৈধ অস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল এবং প্রায় ১৬ কেজি গানপাউডার উদ্ধার করেছে। এসব অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে এ সময়ে প্রায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, একই সময়ে মাদকবিরোধী অভিযানে প্রায় ৪০ কেজি হেরোইন, ৫ হাজার বোতল ফেনসিডিল, ২৭ হাজার ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা এবং ১৬ হাজার পিস অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
অবৈধ অস্ত্র ও মাদকের বিস্তার রোধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সট: লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়সাল ইসতিয়াক, অধিনায়ক, এসআরবি-৫।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM