মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:
রাজশাহী ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, নাগরিক সেবার মানোন্নয়ন এবং নগর উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে দুই সিটি কর্পোরেশনের প্রশাসকদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ ইউসুফ মোল্লা টিপু অংশগ্রহণ করেন।
সাক্ষাৎকালে দুই প্রশাসক পরস্পরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় উভয় সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কর্মকাণ্ড, নাগরিক সুযোগ-সুবিধা, সেবার মান বৃদ্ধি, নগর ব্যবস্থাপনা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রেজাউল করিম, সচিব মোঃ সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে উভয় প্রশাসক সিটি কর্পোরেশনের কার্যক্রমে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। নগরবাসীর জীবনমান উন্নয়ন, আধুনিক ও পরিকল্পিত নগর ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং নাগরিক সেবাকে আরও সহজ, গতিশীল ও জনবান্ধব করার ক্ষেত্রে একে অপরের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দুই সিটি কর্পোরেশনের মধ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি করবে। এর মাধ্যমে ভবিষ্যতে উভয় নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন ও টেকসই নগর উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM