মোঃ সোহেল রানা (বরগুনা):
বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়ায় অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে মোকামিয়া মানব সেবা ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে তিনটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৯ জন মেধাবী অসহায় শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন ফি বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় এ সহায়তা কার্যক্রম শুরু হয়। বেতাগী উপজেলার করুনা বালিকা দাখিল মাদ্রাসা, মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয় ও কাইলঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের তিনজন করে মোট নয়জন শিক্ষার্থী এ সহায়তা পান।
এ সময় উপস্থিত ছিলেন মোকামিয়া মানব সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ নুরুল হুদা তারেক, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ মিঠু, প্রচার সম্পাদক মোঃ মারুফ মুন্সীসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।
ফাউন্ডেশনের নেতৃবৃন্দ গণমাধ্যমকে জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করাই সংগঠনটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য। সেই লক্ষ্য থেকেই অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে রেজিস্ট্রেশন ফি বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
তারা আরও জানান, ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।
মোকামিয়া মানব সেবা ফাউন্ডেশনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে এবং সমাজে মানবিকতা ও সহযোগিতার মনোভাব ছড়িয়ে দেবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM