রাকিবুল হাসান রাকিব সদর উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:
বিয়ে করেছেন, দুজনেরই রয়েছে দুই বছর বয়সী সন্তান। তাঁদের একজনের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। এমন দুই নেতার রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী হওয়া নিয়ে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। ছাত্রসংগঠনের নেতৃত্বে ছাত্রত্ব, শিক্ষাগত যোগ্যতা ও সাংগঠনিক অভিজ্ঞতার বিষয়গুলোও নতুন করে আলোচনায় এসেছে।
সভাপতি পদপ্রত্যাশী দুই নেতা হলেন সদ্য বিলুপ্ত রামগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহিন আলম মুন্না এবং উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব রাকিব হাসান।
দলীয় সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি তৎকালীন জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরে রামগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে শাহিন আলম মুন্নাকে পৌর ছাত্রদলের আহ্বায়ক এবং রাকিব হাসানকে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব করা হয়।
দীর্ঘদিন পর গত ৬ নভেম্বর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্যসচিব হাসিবুর রহমান অভি এসব কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এরপর উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন কমিটিতে পদ পেতে নেতাকর্মীদের মধ্যে তৎপরতা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজেদের প্রার্থিতা জানান দিতে প্রচার চালাচ্ছেন অনেকে। এরই ধারাবাহিকতায় উপজেলা ছাত্রদলের সভাপতি পদে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন সাবেক কমিটির দুই দায়িত্বশীল নেতা শাহিন আলম মুন্না ও রাকিব হাসান।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন আলম মুন্না ২০২৩ সালের দিকে বিয়ে করেন। তাঁর দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তিনি রামগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নন্দনপুর এলাকার বাসিন্দা। অন্যদিকে, রাকিব হাসানও একই বছর বিয়ে করেন। তাঁর দুই বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাজীরখিল এলাকার বাসিন্দা। রাকিব হাসানের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বলে জানা গেছে।
দুই প্রার্থীর বিবাহিত জীবন, সন্তান থাকা এবং রাকিব হাসানের শিক্ষাগত যোগ্যতা সামনে এনে তাঁদের নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় কয়েকজন ছাত্রদল নেতা। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেন, ছাত্রসংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংগঠনিক অভিজ্ঞতা, সক্রিয়তা ও নেতৃত্বের পাশাপাশি ছাত্রত্বের বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। দুই প্রার্থীর পারিবারিক অবস্থা ও শিক্ষাগত যোগ্যতা নিয়েও নেতাকর্মীদের মধ্যে আলোচনা রয়েছে।
এ বিষয়ে শাহিন আলম মুন্না নিজের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি স্বীকার করে বলেন, “জুলাই আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি। আমাদের বিয়ে কিংবা সন্তান থাকা নিয়ে কোনো সমস্যা নেই।”
অন্য সভাপতি পদপ্রার্থী রাকিব হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, “বিবাহিত ও সন্তানের পিতা হওয়ায় ছাত্রসংগঠনের কাজ করতে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এমন যারা আছেন, তাঁদের বিষয়ে আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নেব। যাঁদের ছাত্রত্ব নেই, তাঁদের পদে আসার কোনো সুযোগ নেই। আমরা অচিরেই সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি উপহার দেব।”
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM