চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আংশিক কমিটিতে পদ পাওয়া সভাপতি জুয়েল মাহমুদসহ পাঁচ নেতার বিরুদ্ধে বিবাহিত বলে অভিযোগ উঠেছে। এছাড়া কমিটির একাধিক নেতার সন্তান রয়েছে বলেও অভিযোগ করেছেন ছাত্রদলের নেতাকর্মীর।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক নির্দেশনায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।ঘোষিত কমিটিতে জুয়েল মাহমুদকে সভাপতি এবং কৌশিক আহমেদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. সাইফুল ইসলাম, সহসভাপতি হিসেবে রয়েছেন মো. সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, মো. জিল্লুর রহমান ও ফয়সাল ইকবাল। কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আমান উল্লাহ আমানকে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসান। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আরাফাত হোসেন, সহসাংগঠনিক সম্পাদক শোয়েব তিতাস এবং প্রচার সম্পাদক হয়েছেন মো. রাশিদুল ইসলাম।নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী জানান, নতুন কমিটির সভাপতি জুয়েল মাহমুদসহ পাঁচজন নেতা বিবাহিত ও তাদের সন্তান রয়েছে। তাদের দাবি, সভাপতি জুয়েল মাহমুদের আট বছর বয়সী একটি সন্তান রয়েছে। কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া সাইমুজ্জামান মিশা বিবাহিত ও এক সন্তানের জনক। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া মাহবুবুর রহমান বিবাহিত। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আরাফাত হোসেন বিবাহিত এবং এক সন্তানের জনক। প্রচার সম্পাদক রাশিদুল ইসলাম বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের জনক।এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটিতে কেউ বিবাহিত রয়েছেন বলে আমার জানা নেই। তবে কমিটির কেউ বিবাহিত হলে কিংবা কারও ছেলে-মেয়ে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, এর আগে গত ১ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ। সে সময় তৎকালীন সভাপতি শাহাজান খানের ছেলের এইচএসসি পাসের খবর ছড়িয়ে পড়ার পর কমিটি বিলুপ্ত করা হয়। ওই কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মোমিন মালিতা।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM