প্রশান্ত দাস (সৌরভ):
প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে জামায়াতসহ বিভিন্ন দলের স্বাগত, অংশগ্রহণের সিদ্ধান্ত আমন্ত্রণের পর
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে এ উদ্যোগের পেছনে কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে কি না, সে বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে জামায়াত। অন্যদিকে, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সংলাপে অংশগ্রহণের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। দল দুটি জানিয়েছে, আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্যোগকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আশা প্রকাশ করেছেন, এ উদ্যোগের পেছনে কোনো অসৎ উদ্দেশ্য নেই। তিনি বলেন, অন্য কোনো উদ্দেশ্যে যেন এই ভালো উদ্যোগকে কেউ প্রশ্নবিদ্ধ বা ব্যাহত না করে।
আওয়ামী লীগের সাম্প্রতিক নাশকতা ও সহিংসতার অভিযোগের প্রেক্ষাপটে নিষিদ্ধ কার্যক্রম পরিচালনাকারী দলটির বিরুদ্ধে অবস্থান নিতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত সংলাপ নিয়ে দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে।
তিনি বলেন, এ উদ্যোগ গণতন্ত্রকে শক্তিশালী করা, দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নয়ন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করতে সহায়ক হতে পারে।
জামায়াতের এই নেতা বলেন, অতীতেও এ ধরনের সংলাপ ও আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সরকার নিজেদের পছন্দ অনুযায়ী সংলাপ পরিচালনার চেষ্টা করায় সেসব উদ্যোগ শেষ পর্যন্ত সফল হয়নি।
তিনি বলেন, “সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হলে তা অবশ্যই ভালো হবে। আমরা এটিকে ইতিবাচকভাবে দেখতে চাই। উদ্যোগের পেছনে যদি সত্যিকার অর্থে ভালো উদ্দেশ্য থাকে, তাহলে আমরা এর সফলতা কামনা করি।”
পরওয়ার আবারও বলেন, এ উদ্যোগের পেছনে কোনো ভিন্ন উদ্দেশ্য নেই—এমনটাই প্রত্যাশা জামায়াতের। পাশাপাশি অন্য কোনো উদ্দেশ্যে যেন কেউ এ উদ্যোগকে ব্যাহত না করে, সে বিষয়েও সতর্ক করেন তিনি।
এদিকে, জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস এবং জোটের বাইরে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশও প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক আমন্ত্রণ না পাওয়ায় সংলাপে অংশগ্রহণের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দল দুটি।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ দ্য ডেইলি স্টারকে বলেন, ফ্যাসিবাদ মোকাবিলায় প্রধানমন্ত্রীর উদ্যোগকে তাঁর দল ইতিবাচকভাবে দেখছে। সরকার থেকে আহ্বান জানানো হলে তাঁরা তাতে সাড়া দেবেন।
তবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য তাঁদের উত্থাপিত সাত দফা দাবি পূরণ করতে হবে বলে জানান তিনি। দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোটের রায়কে সম্মান জানানো এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা।
তিনি বলেন, সংলাপে আমন্ত্রণ জানানো হলে দলটি এসব দাবি তুলে ধরবে। এসব দাবির বিষয়ে কোনো আপস করা হবে না বলেও জানান তিনি।
অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও দলটির মিডিয়া বিভাগের প্রধান শেখ ফজলুল করিম মারুফ বলেন, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা কিংবা রাজনৈতিক বিরোধ থাকলেও এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়, যাতে দেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের পরিস্থিতি তৈরি হয়।
প্রস্তাবিত সংলাপ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের অভিন্ন ভিত্তি আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধিদল আগামীকাল সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদের সদস্য সারোয়ার তুষার আজ দ্য ডেইলি স্টারকে জানান, সোমবার দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টার মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তিনি জানান, প্রতিনিধিদলের চার সদস্যের নাম এখনো চূড়ান্ত করা হয়নি।
এনসিপির মতে, আওয়ামী লীগকে ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের আওতায় আনার বিষয়টিও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি হওয়া উচিত।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর নিষিদ্ধ কার্যক্রম পরিচালনাকারী আওয়ামী লীগের দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রস্তাবিত সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM