নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল নীচা বাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।
এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন পাটুল নীচা বাজার এলাকায় পাটুল থেকে খোলাবাড়িয়াগামী সড়কের পশ্চিম পাশে অবস্থিত একটি ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে সাদা রঙের একটি বাজারের ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে রয়েছে।
এ তথ্য পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণ করা হয়। পরে সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এসআরবি সদস্যদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
পরবর্তীতে রাত ৩টা ৪০ মিনিটের দিকে স্থানীয় লোকজনের উপস্থিতিতে সন্দেহজনক ব্যাগটি তল্লাশি করা হয়। এ সময় এসআরবির বোম্ব ডিসপোজাল টিমের সহায়তায় ব্যাগের ভেতর থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ককটেলগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়।
এসআরবি সূত্রে আরও জানা যায়, উদ্ধারকৃত ককটেলগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে নাটোর জেলার নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিষ্ঠালগ্ন থেকেই স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক, অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM