রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
রাজশাহী সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৩৮৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর আওতাধীন সোনাইকান্দি ও খানপুর বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় গত ২১ ও ২২ নভেম্বর পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে ২২ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ সোনাইকান্দি বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজশাহীর দামকুড়া থানাধীন সোনাইকান্দি বাঁশবাগান এলাকার একটি জঙ্গলে বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিজিবির আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। এ সময় জঙ্গলের ভেতরে একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখে সেটি তল্লাশি করা হয়। ব্যাগের ভেতর থেকে মালিকবিহীন ৩৮৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে, গত ২১ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ খানপুর বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কাটাখালী থানাধীন পূর্বপাড়া নদীর ঘাট এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারতীয় পণ্যের একটি চালান পাচার করতে পারে।
এ তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা নদীর ঘাটসংলগ্ন জঙ্গলে অবস্থান নিয়ে ওত পেতে থাকেন। দীর্ঘ সময় অপেক্ষার পর দুই ব্যক্তিকে একটি ব্যাগসহ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করার জন্য ধাওয়া করলে তারা ব্যাগটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে বিজিবির আভিযানিক দল ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ১০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স উদ্ধার করে। এসব মালামাল মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। জব্দকৃত ইলেকট্রিক রেজিস্টেন্স শুল্ক-গুদাম, রাজশাহীতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানায়, এসব চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও নজরদারি আরও জোরদার করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM