জিএম মাকছুদুর রহমান, স্টাফ রিপোর্টার:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া নতুন ধাপে প্রবেশ করছে। আগামী ২৯ নভেম্বর মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ বা চার্জ গঠনের শুনানি নির্ধারিত রয়েছে। তবে আসামিদের বয়সভেদে এ মামলার বিচার কার্যক্রম পরিচালিত হবে দুটি ভিন্ন আদালতে। শনিবার (২১ নভেম্বর) এ তথ্য জানান মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. কাইমুল হক রিংকু। আদালতের এই অগ্রগতি নিয়ে পিপি কাইমুল হক রিংকু বলেন, চার্জশিট ইতোমধ্যে গৃহীত হয়েছে এবং অভিযুক্তরা কারাগারে রয়েছেন। আগামী ২৯ নভেম্বর চার্জ গঠনের শুনানির মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। এর মধ্যে অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার জুভেনাইল কোর্টে এবং প্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার কুমিল্লার সেশন কোর্টে অনুষ্ঠিত হবে।আসামিপক্ষের সম্ভাব্য আইনি তৎপরতা প্রসঙ্গে তিনি আরও জানান, আসামিপক্ষ কোনো মানবাধিকার সংস্থার মাধ্যমে আইনজীবী নিয়োগ দেওয়ার চেষ্টা করছে বলে শোনা যাচ্ছে, তবে রাষ্ট্রপক্ষ নিজস্ব নিয়মে আইনি লড়াই চালিয়ে যাবে। অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারও বিচারিক প্রক্রিয়ার এই সময়সূচি ও কাঠামো নিশ্চিত করে জানান, ২৯ নভেম্বর কুমিল্লা জেলা আদালতে চার্জ গঠন হওয়ার কথা রয়েছে এবং প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার পৃথক আদালতে চলবে। উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা এলাকায় লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র এবং কুবি বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের সন্তান।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM