মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো:
‘নান্দনিক চট্টগ্রাম’ মানে শুধু সুন্দর রাস্তাঘাট, আধুনিক বিপণিবিতান কিংবা দৃষ্টিনন্দন অবকাঠামো নির্মাণ নয়; বরং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বিঘ্নে চলাচলের পরিবেশ তৈরি করা এবং নাগরিকদের মধ্যে পারস্পরিক আস্থা গড়ে তোলাও এর অন্যতম শর্ত। একটি শহরকে নান্দনিক ও বাসযোগ্য করে তুলতে শুধু সরকারি সংস্থার উদ্যোগ যথেষ্ট নয়, এ জন্য প্রতিটি নাগরিককে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব কথা বলেছেন।
শনিবার (২১ নভেম্বর) নগরের বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটি।
জেলা প্রশাসক বলেন, উন্নত রাষ্ট্র গড়তে হলে নাগরিকদের চিন্তাভাবনা, আচরণ ও জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। পরিচ্ছন্নতা বজায় রাখা থেকে শুরু করে সড়কে শৃঙ্খলা রক্ষা, সব ক্ষেত্রেই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। শুধু আইন প্রয়োগ কিংবা জরিমানা করে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয়। মানুষের মধ্যে নিজস্ব দায়িত্ববোধ ও সচেতনতা তৈরি করতে হবে।
চট্টগ্রামকে নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসনের চলমান উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, গত জুলাই থেকে সরকারি দপ্তর, বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক নেতাদের সম্পৃক্ত করে জেলাজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গত ২৭ জুলাই প্রায় ছয় হাজার সরকারি কর্মচারীর অংশগ্রহণে বিভিন্ন সরকারি দপ্তর, দপ্তরের প্রাঙ্গণ ও ছাদ থেকে ১৩৫ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়।
এরই ধারাবাহিকতায় জিয়া সিটি কমপ্লেক্স, পতেঙ্গা সমুদ্রসৈকত ও খেজুরতলীসহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান এবং হোটেল-রেস্তোরাঁয় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে গত ১২ সেপ্টেম্বর জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার করা হয়। গত সপ্তাহে চট্টগ্রাম রেলস্টেশনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পর এবার বহদ্দারহাট বাস টার্মিনালে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
বহদ্দারহাট বাস টার্মিনালের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন, এ টার্মিনাল থেকে প্রতিদিন ৯০০টির বেশি বাস দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারসহ বিভিন্ন গন্তব্যে চলাচল করে। প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ হাজার যাত্রী এ টার্মিনাল ব্যবহার করেন। এত বিপুলসংখ্যক মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ এ স্থানে পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, প্রায় ৩০ বছর আগে এ বাস টার্মিনালের যাত্রা শুরু হলেও পরিচ্ছন্নতার ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি কতটুকু হয়েছে, তা নিয়ে সংশ্লিষ্ট সবাইকে ভাবতে হবে। শুধু জেলা প্রশাসন, সিটি করপোরেশন কিংবা সিডিএর ওপর দায়িত্ব ছেড়ে দিলে চলবে না। পরিবহন মালিক, শ্রমিক, চালক, সহকারী ও যাত্রীসহ প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
সড়ক নিরাপত্তায় মালিক-চালকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন মালিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, লাইসেন্সবিহীন কাউকে গাড়ি চালানোর সুযোগ দেওয়া যাবে না। শারীরিক বা মানসিকভাবে অসুস্থ চালকের হাতেও গাড়ির দায়িত্ব তুলে দেওয়া উচিত নয়। চালক আগের রাতে পর্যাপ্ত ঘুমিয়েছেন কি না, তাঁর কোনো শারীরিক সমস্যা রয়েছে কি না, সেসব বিষয়ও মালিকদের নিশ্চিত করতে হবে।
নতুন কোনো রুটে চালক পাঠানোর আগে সংশ্লিষ্ট সড়ক সম্পর্কে তাঁর পর্যাপ্ত অভিজ্ঞতা ও ধারণা রয়েছে কি না, তা যাচাই করার ওপর গুরুত্ব দেন তিনি। কোন এলাকায় বাজার বসে, কোথায় পথচারীর চাপ বেশি কিংবা স্থানীয় যানবাহন কীভাবে চলাচল করে, এসব বিষয়ে চালকের ধারণা না থাকলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।
গাড়ির ফিটনেস ও নিয়মিত রক্ষণাবেক্ষণের বিষয়ে তিনি বলেন, শুধু গাড়ি ভাড়া পেলেই চালককে যেকোনো রুটে পাঠিয়ে দেওয়া যাবে না। একটি গাড়ি থেকে হয়তো ছয় মাস লাভ করা সম্ভব, কিন্তু একটি দুর্ঘটনায় সেই লাভ শেষ হয়ে যেতে পারে। গাড়ির ফিটনেস ঠিক আছে কি না, তা চালকের পাশাপাশি মালিককেও নিশ্চিত করতে হবে।
চালকদের অতিরিক্ত গতিতে গাড়ি না চালানোর আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালানো কোনোভাবেই কাম্য নয়। গতি নিয়ন্ত্রণ করতে না পারলে চালকের নিজের জীবন যেমন বিপন্ন হবে, তেমনি অন্যের জীবনও ঝুঁকির মুখে পড়বে। প্রত্যেক মানুষের জীবন একটাই। সেই জীবনের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।
সড়ক দুর্ঘটনার পর যানবাহনে অগ্নিসংযোগের প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর ভাষ্য, অনেক সময় দুর্ঘটনার জন্য চালক সরাসরি দায়ী না হলেও ক্ষুব্ধ মানুষ বাসে আগুন ধরিয়ে দেন। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দুর্ঘটনা প্রতিরোধে চালক, মালিক, যাত্রী ও পথচারী—সব পক্ষের সচেতনতা প্রয়োজন।
যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, যাত্রীর অনুরোধে চালক হঠাৎ সড়কের ওপর গাড়ি থামিয়ে দিলে পেছনের গাড়ির চালক অনেক সময় পরিস্থিতি বুঝতে পারেন না। এতে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। নির্ধারিত স্টপেজ ছাড়া যাত্রী ওঠানো-নামানো বন্ধ করা গেলে যাত্রীরাও টার্মিনাল ও নির্ধারিত স্থানে আসতে অভ্যস্ত হবেন।
চট্টগ্রামের আন্তর্জাতিক পরিচিতির প্রসঙ্গ টেনে জেলা প্রশাসক বলেন, এ শহরে প্রতিনিয়ত বিভিন্ন দেশের মানুষ আসেন। তাঁরা যখন দেখেন, যত্রতত্র সড়ক থেকে যাত্রী ওঠানো হচ্ছে, তখন বহির্বিশ্বে আমাদের সম্পর্কে কী বার্তা যাচ্ছে, সেটিও ভাবতে হবে। এ সংস্কৃতির পরিবর্তন জরুরি।
পরিবহন শ্রমিকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা
পরিবহন শ্রমিকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার সম্ভাবনার কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, চালক ও তাঁদের সহকারীদের আরও দক্ষ ও পেশাদার হিসেবে গড়ে তুলতে পারলে বিদেশের শ্রমবাজারেও কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। এতে তাঁদের পরিবার ও এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হওয়ার পাশাপাশি দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বাড়বে।
পরিচ্ছন্নতা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আজ টার্মিনাল পরিষ্কার করে দেওয়া হলেও আগামীকাল আবার ময়লা জমলে তা পরিষ্কারের দায়িত্ব সংশ্লিষ্টদেরই নিতে হবে। জেলা প্রশাসনের পক্ষে প্রতিদিন পুরো দল নিয়ে এখানে আসা সম্ভব নয়। কয়েকবার পরিষ্কার করার পরও ময়লা জমতে পারে, তাই বলে হাল ছেড়ে দেওয়া যাবে না। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখলে মানুষের অভ্যাসেও পরিবর্তন আসবে।
পরিবহন নেতাদের উদ্দেশে তিনি বলেন, তাঁরা জীবনের সবচেয়ে মূল্যবান সময় এ টার্মিনালে কাটান। এত দীর্ঘ সময় এখানে থেকেও যদি পরিবেশের পরিবর্তন আনতে না পারেন, তাহলে নেতৃত্বের প্রকৃত সার্থকতা কোথায়? একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়েই আমাদের সার্থকতা অর্জিত হবে।
টার্মিনালের পরিবেশ উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক বলেন, পরিবহন মালিক ও শ্রমিকেরা পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখলে সিটি করপোরেশন ও সিডিএর সঙ্গে সমন্বয় করে জেলা প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেবে।
টার্মিনালের জলাবদ্ধতা ও অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরলেন পরিবহন নেতারা
অনুষ্ঠানে চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন চৌধুরী বহদ্দারহাট বাস টার্মিনালের জলাবদ্ধতা ও অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন।
তিনি বলেন, নগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের সময় আশপাশের সড়ক উঁচু করা হলেও বহদ্দারহাট বাস টার্মিনাল নিচু রয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই টার্মিনালে পানি জমে যায়। জমে থাকা পানির সঙ্গে ময়লা-আবর্জনা মিশে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে ওঠে।
এ সমস্যা সমাধানে টার্মিনালের ভূমি আশপাশের সড়কের সমতলে উন্নীত করা এবং বিদ্যুৎ ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে সিডিএর সঙ্গে সমন্বয়ের অনুরোধ জানান তিনি।
পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের সড়কে যানজট নিরসনে দোহাজারী ও কেরানীহাট এলাকায় মহাসড়কের ওপর বসা অবৈধ বাজার উচ্ছেদ এবং বেপরোয়া যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান এই পরিবহন নেতা।
আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা বলেন, দক্ষিণ ও উত্তর চট্টগ্রামমুখী প্রায় ২০ থেকে ২২টি রুটের যানবাহন এবং বিপুলসংখ্যক পরিবহন শ্রমিক এ টার্মিনাল ব্যবহার করেন। জলাবদ্ধতা ও প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধার অভাবে শ্রমিকদের পক্ষে এককভাবে টার্মিনালটি পরিচ্ছন্ন রাখা কঠিন। তবে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া এ কার্যক্রম অব্যাহত রাখতে পরিবহন শ্রমিকেরা সর্বাত্মক সহযোগিতা করবেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক প্রণয় চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত।
এ ছাড়া বিআরটিএর সহকারী পরিচালক সিরাজুল ইসলাম, বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটির সভাপতি মুসলিম হাসান ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জাফর আহমদসহ পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা এবং সাধারণ শ্রমিকেরা কর্মসূচিতে অংশ নেন
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM