মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীতে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর পবা পাড়ায় অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজের অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী ও সংসদ সদস্য মোঃ মিজানুর রহমান মিনু।
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ শফিকুল হক (মিলন), রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মোঃ আবুল কালাম সুইট।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার, রাজশাহী সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইলিয়াছ উদ্দিন, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ এবং সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক মুহাম্মদ আব্দুল আলীমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়াচর্চা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং শিক্ষার্থীদের মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করা। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দলগত চেতনা, পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে। একই সঙ্গে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও সম্প্রীতির বন্ধন গড়ে ওঠে।
বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চায় অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন, আধুনিক ও দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানে সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং শারীরিক সক্ষমতা, নেতৃত্ব, সৃজনশীলতা ও বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগও নিশ্চিত করতে হবে।
তাদের মতে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা নতুন প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে রাজশাহীসহ বিভিন্ন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM