মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:
রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে দুটি অবৈধ বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটে গোদাগাড়ী উপজেলার সারইল গ্রামে গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কে পরিচালিত চেকপোস্টে তল্লাশির সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের শীষ মোহাম্মদের ছেলে মোঃ শাহীন আলী (৩৮) এবং একই উপজেলার জমিনপুর গ্রামের মৃত ইসরাইল আলীর মেয়ে মোছা : পিংকি খাতুন (২৮)।
রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলা পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল মতিন সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে গোদাগাড়ী উপজেলার সারইল গ্রামে আনোয়ার হোসেন বাবুর বাড়ির দক্ষিণ পাশে মহাসড়কে চেকপোস্ট ডিউটিতে নিয়োজিত ছিলেন।
এ সময় পুলিশের কাছে গোপন সংবাদ আসে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে দুই ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে রাজশাহী শহরের দিকে আসছেন। এ তথ্যের ভিত্তিতে পুলিশ চেকপোস্টে তল্লাশি জোরদার করে।
রাত ৮টা ৫ মিনিটের দিকে সন্দেহভাজন একটি অটোরিকশাকে থামার সংকেত দিলে এর দুই যাত্রী নেমে পালানোর চেষ্টা করেন। পরে ডিবি পুলিশ তাদের আটক করে বিধি মোতাবেক দেহ তল্লাশি চালায়। এ সময় মোঃ শাহীন আলীর পরিহিত জিন্স প্যান্টের সামনের দুই পাশের পকেট থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা পিস্তল দুটি 'Made in USA' এবং ৭.৬৫ মি.মি. লেখা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় আরও একজন অভিযুক্ত পলাতক রয়েছেন। তার নাম মোঃ শাহীন (৫৬)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামের ভিকুর ছেলে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার মোঃ শাহীন আলীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি এবং বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। এ ছাড়া পলাতক মোঃ শাহীন (৫৬)-এর বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
উদ্ধার করা অস্ত্র, ম্যাগাজিন ও গুলির ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তি এবং পলাতক অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM