ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি:
ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক সদর দপ্তর গণশুনানির সুপারিশ অনুযায়ী উপযুক্ত স্থানে স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ দাবি বাস্তবায়ন না হলে আগামী সপ্তাহ থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো এলাকায় বিক্ষোভ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে উত্তর ফটিকছড়ির তিন ইউনিয়নের বিভিন্ন এলাকার রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
এতে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের প্রধান উপদেষ্টা ও শিল্পপতি রাকিবুল হাসান চৌধুরী পিটু। বক্তব্য দেন হেলাল মোহাম্মদ নুরী, উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নুরুল আমিন আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান একরামুল হক বাবুল, মোজাম্মেল হায়দার বাবু, বিএনপি নেতা আবুল খায়ের ও শফিউল আলম, এনসিপি নেতা শেখ জাহিদ, অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ, জামায়াত নেতা হাসান শামসুদ্দিন হাসান, আবুল হাসেম ও সেলিম মজুমদারসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, উত্তর ফটিকছড়ি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর কোথায় স্থাপন করা হবে, তা নির্ধারণে গণশুনানির সুপারিশকে গুরুত্ব দিতে হবে। সদর দপ্তর এমন স্থানে হওয়া প্রয়োজন, যাতে তিন ইউনিয়নের বাসিন্দারা সহজে সরকারি সেবা নিতে পারেন। তাঁরা বলেন, এ দাবিতে এর আগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও হরতাল কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
সম্প্রতি নিকারের সভায় দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর পরিবর্তনের সিদ্ধান্তের প্রসঙ্গ তুলে বক্তারা বলেন, ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নির্ধারণেও একইভাবে জনমত ও গণশুনানির সুপারিশ বিবেচনা করা উচিত। সদর দপ্তরের স্থান নির্ধারণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ চান তাঁরা। দাবি বাস্তবায়নে উদ্যোগ না নেওয়া হলে আগামী সপ্তাহ থেকে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন সমাবেশের বক্তারা।
সমাবেশ থেকে গণশুনানির সুপারিশ বাস্তবায়ন এবং সদর দপ্তর নির্ধারণে স্থানীয় জনমতকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানানো হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM