রাকিবুল হাসান রাকিব সদর উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:
ভিন্ন দেশ, ভাষা ও সংস্কৃতির সীমানা পেরিয়ে প্রেমের পরিণয় ঘটেছে বিয়েতে। বিয়ের আগে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নতুন নাম রেখেছেন আব্দুর রহমান। তাঁর আগের নাম ফাং ওয়েনজুন। চীনা এই যুবকের সঙ্গে লক্ষ্মীপুরের তরুণী সুমাইয়া আক্তারের বিয়ে ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।
সংগৃহীত নথিপত্র অনুযায়ী, চীনের জিয়াংসু প্রদেশের নাগরিক ফাং ওয়েনজুন গত ১৮ নভেম্বর লক্ষ্মীপুরে নোটারি পাবলিকের সামনে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে হলফনামা দাখিল করেন। হলফনামায় তিনি উল্লেখ করেন, কোনো ধরনের চাপ বা জোরজবরদস্তি ছাড়াই সম্পূর্ণ নিজের ইচ্ছায় ও স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
ইসলাম গ্রহণের পর তিনি নিজের নতুন নাম রাখেন আব্দুর রহমান। তবে তাঁর পাসপোর্ট ও অন্যান্য পরিচয়পত্রে আগের নাম ফাং ওয়েনজুন বহাল রয়েছে।
হলফনামায় মহান আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস এবং হজরত মুহাম্মদ (সা.)-কে আল্লাহর সর্বশেষ রাসুল হিসেবে স্বীকার করার কথা উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে ইসলামের মৌলিক বিশ্বাস ও নীতিমালা অনুসরণের অঙ্গীকারও করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নববধূ সুমাইয়া আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকার চরবুতা গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মুক্তার হোসেন এবং মা তাসলিমা আক্তার। তিন ভাইয়ের একমাত্র বোন সুমাইয়া। বিয়ের পর বর্তমানে তিনি নানার বাড়িতে বেড়াতে এসেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
ভিন্ন দেশের দুই মানুষের এই বিয়ে স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে। তবে তাঁদের পরিচয়, পরিচয়ের সূত্রপাত এবং বিয়ের বিস্তারিত আনুষ্ঠানিকতা সম্পর্কে আরও তথ্য জানা যায়নি।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM