আরিফুল ইসলাম জয়পুরহাট:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ধানক্ষেত থেকে নূর মোহাম্মদ রাব্বি (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় অটোভ্যান চালক ছিলেন। তাঁর গলায় রশি পেঁচানো ও একটি চোখ উপড়ে নেওয়ার চিহ্ন রয়েছে ।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের হন্তনাবাজ গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাব্বি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব কাজীপাড়া এলাকার সাদ্দাম হোসেনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন রাব্বি। সন্ধ্যায় স্থানীয় বাজারে তাঁকে দেখা গেলেও এরপর আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর তাঁর সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এদিকে শনিবার সকালে ধানক্ষেতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে স্বজনরা সেখানে গিয়ে রাব্বির পরিচয় শনাক্ত করেন।
পরিবারের দাবি, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে রাব্বিকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, হন্তনাবাজ গ্রামের একটি ধানক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় শনাক্ত হয়েছে। নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় জিডি করা হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM