রিপোর্টার মোঃ সাহাবুদ্দিন ইসলাম আক্কেলপুর উপজেলা প্রতিনিধি:
গতকাল শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। দুপুরের পর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে মাঠে থাকা পাকা ধান নিয়ে কৃষকদের উদ্বেগ আরও বেড়েছে। বৃষ্টিতে জমিতে থাকা ধান ও কেটে রাখা ফসল ভিজে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে পর্যাপ্ত রোদ না পেলে ধান শুকানো, মাড়াই ও সংরক্ষণেও তৈরি হতে পারে জটিলতা। তাই বৃষ্টি উপেক্ষা করেই কেউ দ্রুত ধান কাটছেন, কেউ কাটা ধান আঁটি বেঁধে বাড়িতে নেওয়ার চেষ্টা করছেন।
উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, ভোর থেকেই ধান কাটা ও ঘরে তোলার কাজে ব্যস্ত কৃষক-কৃষাণীরা। একদিকে জমিতে পাকা ধান পড়ে আছে, অন্যদিকে কাটার পর মাড়াই ও শুকানোর চাপ। ভালো ফলন পেয়েও শেষ মুহূর্তে বৈরী আবহাওয়ার কারণে ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আক্কেলপুর উপজেলায় ১০ হাজার ৬৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এ বছর জ স্বর্ণ-৫, ব্রি ধান-৪৯, ব্রি ধান-৫১, ব্রি ধান-৫২, ব্রি ধান-৭৫, ব্রি ধান-৮৭, ব্রি ধান-৯০, ব্রি ধান-৯৩, ব্রি ধান-১০৩, বিনা ধান-১৭ ও ব্র্যাক-১৮ (রাজা ধান) জাতের পাশাপাশি বিভিন্ন হাইব্রিড জাতের ধান চাষ করেছেন বলে জানিয়েছেন কৃষকরা।
উপজেলার তিলকপুর ইউনিয়ন এর চেচুড়ীয়া গ্রামের কৃষক মো. সাগর ইসলাম বলেন, এ বছর প্রায় দুই একর জমিতে আমন ধানের আবাদ করেছি। ফলনও বেশ ভালো হয়েছে। কিছু ধান ঘরে তুলেছি, বাকিটা এখনো মাঠে। দুপুর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় চিন্তা আরও বেড়েছে। বৃষ্টি বাড়লে সব ধান ঠিকমতো ঘরে তুলতে পারব কি না, জানি না। সারা বছরের পরিশ্রমের ফসল নষ্ট হলে বড় লোকসানে পড়তে হবে। ভালো ফলনের পাশাপাশি ধানের ন্যায্যমূল্য পেলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।
কৃষক মোঃ রাসেল বলেন, এবার ধানের ফলন ভালো হয়েছে। কিন্তু আকাশের অবস্থা দেখে ভয় হচ্ছে। জমিতে এখনো অনেক ধান পেকে আছে। দুপুর থেকে বৃষ্টি হওয়ায় দ্রুত ধান কাটার চেষ্টা করছি। বৃষ্টি বাড়লে ধান কাটার পাশাপাশি মাড়াই ও শুকানো নিয়েও বিপাকে পড়তে হবে।
পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছী আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণ অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর থেকে এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এ সময় ০.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় আবহাওয়ার এমন পরিস্থিতি বিরাজ করছে। বৃষ্টির পরিমাণ বাড়লে কৃষিকাজে প্রভাব পড়তে পারে বলে আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM