মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামে মাঠ-পিচ সংস্কার, আধুনিক প্রেস বক্স, ভিআইপি গ্যালারি ও খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধি; উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা
দীর্ঘদিনের জরাজীর্ণতা ও অব্যবস্থাপনার চিত্র পেছনে ফেলে নতুন রূপে সেজেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জেলা স্টেডিয়াম। মাঠ ও পিচ সংস্কার, গ্যালারি ও প্যাভিলিয়নের আধুনিকায়ন, নতুন আসন স্থাপন, আধুনিক প্রেস বক্স নির্মাণসহ খেলোয়াড়দের জন্য বাড়ানো হয়েছে নানা সুযোগ-সুবিধা। চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগ, পরিকল্পনা ও সরাসরি তত্ত্বাবধানে কয়েক মাসের মধ্যেই বাস্তবায়িত হয়েছে এসব উন্নয়নকাজ।
শুক্রবার (২০ নভেম্বর) সংস্কার ও আধুনিকায়ন করা চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘একটি স্টেডিয়াম শুধু ইট-পাথরের অবকাঠামো নয়। এটি আবেগ, উচ্ছ্বাস ও স্বপ্ন তৈরির জায়গা। এই স্টেডিয়ামে ঘাম ঝরে, কিন্তু আনন্দের ফুল ফোটে। আত্মবিশ্বাস জাগে এবং দেশপ্রেম প্রজ্বলিত হয়।’
জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, সংস্কারকাজের আওতায় স্টেডিয়ামের মাঠ ও পিচ নতুন করে সংস্কার করা হয়েছে। গ্যালারিতে রং করার পাশাপাশি প্যাভিলিয়নে স্থাপন করা হয়েছে পাঁচ শতাধিক নতুন আসন। দ্বিতীয় তলার অফিসকক্ষ, সম্মেলনকক্ষ, ভিআইপি গ্যালারি ও প্রেস বক্স আধুনিকায়ন করা হয়েছে।
এ ছাড়া স্টেডিয়ামের সীমানাপ্রাচীর ও প্রধান ফটক নির্মাণ, খেলোয়াড়দের জন্য সাতটি প্রস্রাবাগার স্থাপন, পার্কিং এলাকায় টাইলস বসানো এবং কম্পিউটারভিত্তিক হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা জিমনেসিয়ামের সংস্কারকাজও শুরু হয়েছে।
আগামীতে লন টেনিস কোর্ট পুনরায় চালু, জেলা ক্রীড়া সংস্থার ক্যানটিন নির্মাণ এবং খেলোয়াড়দের জন্য বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে।
প্রায় ৭৫ বছরের ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামের উন্নয়ন প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, চট্টগ্রাম একটি আন্তর্জাতিক বন্দরনগরী। এ শহরের স্টেডিয়াম আধুনিক ও আন্তর্জাতিক মানের হওয়াই স্বাভাবিক প্রত্যাশা। প্রাইম মিনিস্টারস গোল্ড কাপ উদ্বোধনের উদ্যোগ নেওয়ার পর স্টেডিয়ামটির আধুনিকায়নের কাজ শুরু হয়।
খেলাধুলাকে আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ ও দেশপ্রেম গড়ে তোলার অন্যতম মাধ্যম উল্লেখ করে তিনি বলেন, ক্রীড়া প্রতিযোগিতা মানুষকে যেমন জয় উদযাপন করতে শেখায়, তেমনি পরাজয় মেনে নেওয়ার মানসিকতাও তৈরি করে। খেলাধুলার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা একটি দৃঢ়প্রত্যয়ী জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্টেডিয়ামটি সবার জন্য উন্মুক্ত ও সর্বজনীন সম্পদ উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ‘এটি জেলা স্টেডিয়াম, এটি সবার স্টেডিয়াম। এটি কোনো ব্যক্তির নয়, কোনো গোষ্ঠীর নয়। এই জেলার সব তরুণ-তরুণী এখানে আসবে, খেলাধুলা করবে এবং নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে।’
তরুণ প্রজন্মকে দেশের সবচেয়ে বড় সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশের ছেলেমেয়েরা শুধু চিকিৎসক কিংবা প্রকৌশলীই হবে না, ভালো খেলোয়াড়ও হবে। তারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করবে। এ জন্য আন্তর্জাতিক মানের ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণের পরিবেশ নিশ্চিত করা জরুরি।
দুই দশকে যা হয়নি, অল্প সময়ে তা সম্ভব হয়েছে: সালাহ উদ্দিন
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব মোহাম্মদ সালাহ উদ্দিন জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়নে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগ, আন্তরিকতা ও নেতৃত্বের প্রশংসা করেন।
তিনি বলেন, ৫ আগস্টের পর নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর জেলা প্রশাসকের নেতৃত্বে স্টেডিয়ামে যেসব উন্নয়নকাজ হয়েছে, তা বিগত বহু বছরেও সম্ভব হয়নি। ২০০৩ সাল থেকে তিনি এই স্টেডিয়ামের সঙ্গে সম্পৃক্ত থাকলেও এত অল্প সময়ে এমন ব্যাপক উন্নয়নকাজ আগে দেখেননি।
স্টেডিয়াম কমপ্লেক্সের দীর্ঘদিনের অব্যবস্থাপনার কথা তুলে ধরে তিনি বলেন, কমপ্লেক্সের একটি অংশে প্রায় ১২ বছর ধরে ময়লা-আবর্জনা জমে ছিল। কেউ সেদিকে নজর দেয়নি। জেলা প্রশাসকের আন্তরিক উদ্যোগ ও নির্দেশনায় অবশেষে সেই ময়লা-আবর্জনা পরিষ্কার করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, জেলা প্রশাসকের নেতৃত্বে প্যাভিলিয়নে নতুন আসন স্থাপন, দ্বিতীয় তলায় আধুনিক ভিআইপি গ্যালারি নির্মাণ, গ্যালারির সৌন্দর্যবর্ধন এবং বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করা হয়েছে। এসব পরিবর্তনে স্টেডিয়ামের সামগ্রিক পরিবেশে নতুন মাত্রা যুক্ত হয়েছে।
গণমাধ্যমকর্মীদের জন্য আধুনিক প্রেস বক্স স্থাপনকে বিশেষ উদ্যোগ হিসেবে উল্লেখ করে মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, আগে সাংবাদিকদের বসার জন্য উপযুক্ত কোনো ব্যবস্থা ছিল না। জেলা প্রশাসক নিয়মিত গণমাধ্যমকর্মীদের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রেস বক্স স্থাপনের তাগিদ দিতেন। তাঁর নির্দেশনায় এখন সাংবাদিকদের জন্য একটি সুন্দর ও আধুনিক প্রেস বক্সের ব্যবস্থা করা হয়েছে।
স্টেডিয়ামের নিরাপত্তা নিশ্চিত করতে সীমানাপ্রাচীর নির্মাণের বিষয়টিও গুরুত্বপূর্ণ অর্জন বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, দীর্ঘদিন ধরে সীমানাপ্রাচীরের কাজ অসম্পূর্ণ ছিল। বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়া হলেও কাজটি শেষ হয়নি। বর্তমান জেলা প্রশাসকের নেতৃত্বে অবশেষে সেই কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।
দীর্ঘদিন বন্ধ থাকা জিমনেসিয়াম সংস্কারের বিষয়ে তিনি বলেন, জিম সেন্টারটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। জেলা প্রশাসকের নির্দেশনায় সেটির সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। দ্রুত কাজ শেষ করে এটি উদ্বোধনের আশা প্রকাশ করেন তিনি।
এ ছাড়া দীর্ঘদিন বন্ধ থাকা টেনিস কোর্ট পুনরায় চালু, খেলোয়াড়দের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং স্টেডিয়ামে একটি ক্যানটিন নির্মাণের পরিকল্পনার কথাও জানান সদস্যসচিব। তিনি বলেন, নিয়মিত অনুশীলন করা খেলোয়াড়দের সাশ্রয়ী মূল্যে খাবারের ব্যবস্থা নিশ্চিত করতেই ক্যানটিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসকের নিয়মিত তদারকি ও আন্তরিকতার প্রশংসা করে মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, তিনি শুধু নির্দেশনা দিয়েই দায়িত্ব শেষ করেননি, বরং উন্নয়নকাজের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করেছেন। তাঁর পরিকল্পনা ও আন্তরিক প্রচেষ্টায় অল্প সময়ে স্টেডিয়ামের চেহারা বদলে দেওয়া সম্ভব হয়েছে।
বক্তব্যের শেষে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, স্টেডিয়ামের উন্নয়ন ও আধুনিকায়নের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদী।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য শরীফুল ইসলাম তুহিনসহ স্থানীয় ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক সংস্কার করা স্টেডিয়াম ও জিমনেসিয়াম পরিদর্শন করেন। এ সময় তিনি চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
দীর্ঘদিনের অবহেলা ও জরাজীর্ণতা কাটিয়ে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের এই পরিবর্তন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত হলে এখান থেকেই উঠে আসবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের নতুন প্রতিভাবান খেলোয়াড়
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM