আরিফুল ইসলাম, বাগেরহাটঃ
প্রবল ঘূর্ণিঝড় 'আকভান'-এর প্রভাবে বাগেরহাটের উপকূলজুড়ে বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে মোংলাসহ দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাত থেকে বাগেরহাটের উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরু হয়। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বাতাসের বেগ এখনো তেমন বাড়েনি। তবে জোয়ারের কারণে নদ-নদীর পানির উচ্চতা বেড়েছে। বৃষ্টিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
মোংলা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. হারুন উর রশিদ বলেন, 'ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলজুড়ে বৃষ্টি হচ্ছে। মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।'
আগামী দুই দিন উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।
এদিকে সতর্কসংকেত জারি থাকলেও মোংলা বন্দরে পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. সালাহ উদ্দিন কবির বলেন, '৩ নম্বর সতর্কসংকেত জারি থাকলেও আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে রয়েছে। ফলে বন্দরে পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।'
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রবল ঘূর্ণিঝড় 'আকভান' আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।
এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM