জিএম মাকছুদুর রহমান, স্টাফ রিপোর্টার:
তৃণমূলের জনপ্রতিনিধি নির্বাচনে সরগরম হতে যাচ্ছে কুমিল্লার গ্রামীণ জনপদ। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জেলার ১৭টি উপজেলার মোট ১৫১টি ইউনিয়নে পাঁচ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে জেলার নির্বাচনী আমেজ শুরু হবে এবং ২৭ মে পঞ্চম ধাপের নির্বাচনের মাধ্যমে তা শেষ হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক তালিকায় দেশব্যাপী ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সূচির পাশাপাশি কুমিল্লার উপজেলাভিত্তিক এই বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়। ইসির প্রকাশিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬টি, সদর দক্ষিণের ১টি, চান্দিনার ১২টি, বুড়িচংয়ের ৮টি এবং ব্রাহ্মণপাড়া উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি দাউদকান্দি উপজেলার ১২টি, তিতাসের ৯টি, মেঘনার ৮টি এবং হোমনা উপজেলার ৯টি ইউনিয়নে ব্যালট যুদ্ধ হবে। তৃতীয় ধাপে ২৯ এপ্রিল চৌদ্দগ্রাম উপজেলার ১৩টি, নাঙ্গলকোটের ৮টি এবং লালমাই উপজেলার ৫টি ইউনিয়নে ভোট নেওয়া হবে। চতুর্থ ধাপে ১৩ মে বরুড়া উপজেলার ৯টি, লাকসামের ৫টি এবং মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। সবশেষে পঞ্চম ধাপে ২৭ মে দেবিদ্বার উপজেলার ১৫টি এবং মুরাদনগর উপজেলার ১২টি ইউনিয়নে ভোটগ্রহণের মাধ্যমে কুমিল্লা জেলার ইউপি নির্বাচন সম্পন্ন হবে। উল্লেখ্য, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, সারাদেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে একইভাবে পাঁচ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে ২১ জানুয়ারি ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ১৩ মে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং সর্বশেষ পঞ্চম ধাপে ২৭ মে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM