ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিবেদক,সাকিব হাসান নাইম:
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচির প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি উপজেলার রানীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান লাবলু ও মোকলেছুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান সারোয়ার হোসেন, উপজেলা জাসাসের সাবেক সভাপতি রুহুল আমিন মিঠু, উপজেলা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম শান্ত ও সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, দেশের জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ও জননিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কোনো রাজনৈতিক কর্মসূচি জনগণ সমর্থন করে না। দেশব্যাপী লকডাউনের নামে নাশকতা, অস্থিতিশীলতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।
বক্তারা আরও বলেন, দেশের মানুষ শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিবেশ চায়। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে জনজীবন ব্যাহত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। এ সময় তাঁরা দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মফিদুল ইসলাম, সদস্য সচিব আল রাজি রাজীব, উপজেলা তাতীদলের আহ্বায়ক শ্যাম সাহাদুল রিপন সহ উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM