দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে ২০২৬-২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম বিল্লাহ। উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহাদাত হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান। এ ছাড়া উপজেলা কৃষি অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী পর্বে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন জানান, এই প্রণোদনা কর্মসূচির আওতায় তালিকাভুক্ত প্রত্যেক কৃষককে বিনামূল্যে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি (MOP) সার ও ১০ কেজি ডিএপি (DAP) সার দেওয়া হবে। পর্যায়ক্রমে উপজেলার মোট ২ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব কৃষি উপকরণ হস্তান্তর করা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচি প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়তা করবে এবং রবি মৌসুমে সরিষাসহ সামগ্রিক খাদ্যশস্য উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমন উদ্যোগ কৃষকদের অনাবাদি বা পতিত জমি আবাদে আরও বেশি উৎসাহিত করবে, যা দেশের খাদ্য নিরাপত্তা জোরদারে ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM