ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়ায় রোগীর পরীক্ষা-নিরীক্ষায় ভুল রিপোর্ট সরবরাহের অভিযোগে ফাতেমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ক্লিনিকটিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোহেল রানা। এ সময় ক্লিনিকের সংশ্লিষ্ট ব্যক্তি আব্দুস সবুরের কাছ থেকে জরিমানার ৫০ হাজার টাকা নগদ আদায় করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর সড়ক দুর্ঘটনায় আহত ভ্যানচালক সঞ্জিত মণ্ডল ফাতেমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করান। অভিযোগ রয়েছে, ক্লিনিক কর্তৃপক্ষ পর্যাপ্ত কারিগরি দক্ষতা ও প্রয়োজনীয় ব্যবস্থা ছাড়াই তাঁর এক্স-রে পরীক্ষা করে ভুল রিপোর্ট সরবরাহ করে। রিপোর্টটি নিয়ে সন্দেহ দেখা দিলে পরবর্তীতে এক্স-রে প্লেটটি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানো হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ওই চিকিৎসক রোগীর হাড় ভাঙার বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় স্থানীয় একাধিক পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ক্লিনিক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুজ্জামান এবং ডুমুরিয়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM