মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:
দেশব্যাপী অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী মহানগর যুবদল। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিট থেকে ৫টা ১০ মিনিট পর্যন্ত নগরীর বাটার মোড়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে প্রায় ৩৫০ থেকে ৪০০ নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, কামরুজ্জামান মিলন ও নাজির হাসানসহ মহানগর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা দেশব্যাপী অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে গভীর রাতে বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা, অফিস-আদালত এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে। বক্তারা বলেন, অতীতের মতো আবারও জ্বালাও-পোড়াও ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে।
বক্তারা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি কোথাও সন্ত্রাস, নৈরাজ্য কিংবা সহিংসতার ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করে শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে তা প্রতিহত করার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে বাটার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সোনাদীঘির মোড়, মনিচত্বর ও সাহেববাজার জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে কুমারপাড়ার আড়ংয়ের সামনে গিয়ে শেষ হয়।
আয়োজক নেতারা জানান, দেশব্যাপী অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতেই এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM