মোঃ বেলাল হোসেন পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলায় পাহাড়ি এলাকায় বাগানে যাওয়ার পথে ২৫ জন কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার পূর্ব হাইদগাঁও পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃতদের সবাই হাইদগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
অপহরণের শিকার কৃষকদের মধ্যে জসিম উদ্দিন (৪৫), ফরমান উদ্দিন (৩৫), আবদুল মন্নান (৪৮), জয়লাল আবেদিন (৩৬), আবদুল গনি (৩৫) ও মোহাম্মদ জাফর (২৬)-এর নাম জানা গেছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্যমতে, সকালে পাহাড়ে বাগানের কাজে যাওয়ার সময় ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র দল কৃষকদের জিম্মি করে পাহাড়ের গহিন এলাকায় নিয়ে যায়। এ সময় কয়েকজন কৃষক কৌশলে পালিয়ে বাড়িতে ফিরে আসেন।
অপহৃত এক কৃষকের পরিবারের সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, অপহরণকারীরা মুঠোফোনে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করেছে। পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে বিকাশের মাধ্যমে ৮০ হাজার টাকা পাঠানো হয়েছে। তবে টাকা দেওয়ার পরও ওই কৃষক এখনো ফিরে আসেননি বলে দাবি পরিবারের।
তিনি আরও জানান, বিষয়টি পুলিশ বা গণমাধ্যমকে জানানো হলে অপহৃতদের ওপর হামলার হুমকি দেওয়া হয়েছে। এ কারণে আতঙ্কে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
স্থানীয়দের অভিযোগ, এর দুই মাস আগেও হাইদগাঁও পাহাড়ি এলাকা থেকে অপহরণের ঘটনা ঘটেছিল। পরে মুক্তিপণ দিয়ে অপহৃতরা ফিরে আসেন। পাহাড়ি এলাকায় এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে বলেও অভিযোগ তাঁদের।
এদিকে একসঙ্গে ২৫ কৃষক অপহরণের অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃতদের দ্রুত উদ্ধার এবং পাহাড়ি এলাকায় নিরাপত্তা জোরদারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, “এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাইনি। তবে গোয়েন্দা সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে।”
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM