স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবিদ্বারে দোকান ভিটি মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে ৭৫ বছর বয়সী সাবেক ইউপি সদস্য মো. ইউসুফ আলীর দোকান ভিটি জোরপূর্বক দখলে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই গ্রামের দুই ব্যক্তির বিরুদ্ধে দোকান ভিটির সীমানা নির্ধারণে বাধা, ভাঙচুর এবং মারধরের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগকারী ইউসুফ আলী দেবিদ্বার উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য। অভিযুক্তরা হলেন একই গ্রামের মফিজুল ইসলাম (৬০), পিতা: ওহাব আলী এবং আবদুর রাজ্জাক (৬৫), পিতা: মৃত হাজী আরু মিয়া।
ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, বিরোধপূর্ণ দোকান ভিটি রসুলপুর পূর্ববাজার মসজিদসংলগ্ন পূর্ব পাশে অবস্থিত। দোকান ভিটি কুমিল্লার দেবিদ্বার উপজেলার গোপালনগর মৌজার অন্তর্ভুক্ত। বিএস খতিয়ান নম্বর ১২৩৭, সাবেক জেএল নম্বর ১১২, বর্তমান জেএল নং-১৪, সাবেক দাগ নম্বর ২৫১৪, বর্তমান দাগ নম্বর ৮০৯১।
অভিযোগে বলা হয়, দলিল অনুযায়ী দোকান ভিটির পরিমাণ আড়াই শতক হলেও রেকর্ডে রয়েছে দুই শতক। ওই দোকান ভিটার একটি অংশ দীর্ঘদিন ধরে অভিযুক্তরা জোরপূর্বক দখলে রেখেছেন বলে দাবি ইউসুফ আলীর। মসজিদের পূর্ব পাশে থাকা দোকান ভিটির প্রায় ছয় হাত অংশ তাঁর ভিটির মধ্যে পড়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এ ছাড়া সামনের খালি জায়গাটিও অবৈধভাবে দখলে রাখা হয়েছে বলে তাঁর দাবি। ভুক্তভোগীর অভিযোগ, দোকান ভিটির সঠিক সীমানা নির্ধারণের জন্য আমিন দিয়ে মাপের উদ্যোগ নেওয়া হলে অভিযুক্তরা বাধা সৃষ্টি করেন। একপর্যায়ে মাপজোপের কাজে ব্যবহৃত ফিতা টেনে ছিঁড়ে ফেলে দেওয়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন তিনি। এ সময় তাঁকে মারধরের হুমকি দেওয়া হয় বলেও দাবি তাঁর। এ অবস্থায় নিজের দোকান ভিটির প্রকৃত সীমানা নির্ধারণ এবং দখল ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন সাবেক ইউপি সদস্য ইউসুফ আলী। তাঁর দাবি, নিরপেক্ষ তদন্ত ও সরেজমিনে মাপজোপের মাধ্যমে দোকান ভিটির প্রকৃত মালিকানা ও সীমানা নির্ধারণ করে দখলমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এলাকার বয়োবৃদ্ধ বাসিন্দা আঃ হাকিম (৮৫) ক্ষোভ প্রকাশ করে জানান, যতবার আমিন এসে মাপজোপ করেছে, আমি তখন উপস্থিত ছিলাম। কিন্তু মফিজ মিয়া ও রাজ্জাক মিয়া খুঁটি তুলে ফেলে দিয়ে জোরপূর্বক ভিটি দখল করে রেখেছেন। আমরা কিছু বলতে গেলেই তাঁরা প্রাণনাশের হুমকি দেন। আমরা এ ঘটনার সুষ্ঠু সমাধান চাই। এদিকে ভূক্তভোগীর ছেলে জয়নাল আবেদিন জানান, আমাদের ভিটের পুরো আড়াই শতক জমি মফিজ মিয়া ও রাজ্জাক মিয়া দখল করে রেখেছেন। আমিন এনে মাপজোপ করানোর পরপরই তারা খুঁটি তুলে ফেলে দিয়েছেন। আমরা এর সঠিক বিচার দাবি করছি। এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত রাজ্জাক মিয়াকে মোবাইল ফোনে কল করলে তিনি জানান- প্রশাসন তদন্ত সাপেক্ষে যে ব্যবস্থা নেবে আমি তা মেনে নিতে প্রস্তুত আছি। অপর অভিযুক্ত মফিজ মিয়াকে মোবাইল ফোনে কল করলে তিনি রিসিভ না করার কারনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM