জিএম মাকছুদুর রহমান, স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে পৃথক করে গঠিত নতুন বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। পূর্বনির্ধারিত খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় উপজেলা সদর দপ্তর স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, সাবেক মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানা এলাকার ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে নতুন বাঙ্গরা উপজেলা। ২০২৬ সালের ১ জুলাই এ উপজেলা গঠনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় ১৮৯ বর্গকিলোমিটার আয়তনের নতুন উপজেলাটির প্রশাসনিক কাঠামো গড়ে তোলার প্রক্রিয়া চলছে। নতুন বাঙ্গরা উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নগুলো হলো—শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধইর পূর্ব, পূর্বধইর পশ্চিম, বাঙ্গরা পূর্ব, বাঙ্গরা পশ্চিম, চাপিতলা, রামচন্দ্রপুর উত্তর ও টনকী। এসব ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের ফলে ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত মুরাদনগর উপজেলা থেকে ১০টি ইউনিয়ন পৃথক হয়েছে। এদিকে বাঙ্গরা উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সারোয়ার রাব্বী অতিরিক্ত দায়িত্ব হিসেবে বাঙ্গরা উপজেলার দায়িত্ব পালন করছেন। নতুন উপজেলা গঠনের পেছনে রয়েছে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের ইতিহাস। ২০১০ সাল থেকেই বাঙ্গরাবাজারকে পৃথক প্রশাসনিক থানা হিসেবে প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। এর ধারাবাহিকতায় ২০১৩ সালের ২০ এপ্রিল মুরাদনগর উপজেলার মকলিশপুরে অনুষ্ঠিত এক জনসভায় বাঙ্গরাবাজারকে প্রশাসনিক থানা ঘোষণার দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন এলাকাবাসী। পরে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুরাদনগর থানা থেকে ১০টি ইউনিয়ন পৃথক করে বাঙ্গরাবাজার নামে নতুন থানা গঠনের অনুমোদন দেন। দীর্ঘদিনের সেই প্রশাসনিক পৃথকীকরণের ধারাবাহিকতায় এবার পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে বাঙ্গরার যাত্রা আরও এক ধাপ এগিয়ে গেল। দক্ষিণ বাঙ্গরা মৌজায় প্রশাসনিক সদর দপ্তর স্থাপনের সিদ্ধান্তকে নতুন উপজেলার অবকাঠামোগত ও প্রশাসনিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM