মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) রাত ৭টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল সিটিহাট বাইপাস মহাসড়কে চেকপোস্ট বসিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাসটিতে তল্লাশি চালায়।
তল্লাশির একপর্যায়ে বাসের মালামাল রাখার বক্সে থাকা একটি ফলের কার্টনের ভেতর কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন পাওয়া যায়। পরে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।
অভিযানকালে উপস্থিত বাসযাত্রীদের ভাষ্যমতে, এসআরবি সদস্যদের চেকপোস্টের অবস্থান সম্পর্কে জানতে পেরে বাসটি চেকপোস্টে পৌঁছানোর আগেই সন্দেহভাজন এক যাত্রী কৌশলে পালিয়ে যায়। পরে বাসের সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, ওই সন্দেহভাজন যাত্রী চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসটিতে উঠেছিলেন।
তবে পালিয়ে যাওয়া ওই যাত্রীর নাম-পরিচয় কিংবা ঠিকানা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় ও অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র, গুলি ও ম্যাগাজিন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অবৈধ অস্ত্রধারী, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রাজশাহীতে এ অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM