মোঃ সোহাগ খন্দকার রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। সোমবার উপজেলার ৪ নম্বর পারইল ইউনিয়নের বিশিয়া(দক্ষিণপাড়া)গ্রামের এই ঘটনা ঘটেছে । এতে পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে, যার ক্ষয় ক্ষতি আনুমানিক প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছেন পুকুরের মালিক আলহাজ্ব বাহাদুর আলী।
ভুক্তভোগী বাহাদুর আলী জানান, প্রতিদিনের মতো গত কাল সন্ধ্যা ৭টার দিকে তিনি পুকুরে মাছকে খাবার দিয়ে বাড়ি ফিরে যান। পরদিন সকালে পুকুরে গিয়ে দেখেন, সব মাছ মরে পানির ওপর ভেসে আছে। এমন দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে পড়েন।
বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ও স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থলে আসেন। তাঁরা ধারণা করছেন, পুকুরের পানিতে বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে। বাহাদুর আলীরও অভিযোগ, কেউ বা কারা পরিকল্পিতভাবে বিষ ঢেলে তাঁর মাছ নিধন করেছে।
এ ঘটনায় তিনি রাণীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে কারা এ কাজ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, বাহাদুর আলী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে একসঙ্গে এতগুলো মাছ মরে যাওয়ায় বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বাহাদুর আলী। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM