শাকিল আহম্মেদ, মোকামতলা বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার মোকামতলাকে নতুন পৌরসভা ও থানা হিসেবে অনুমোদন দিয়েছে সরকার। এর আগে মোকামতলাকে নতুন উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছিল। সোমবার (১৬ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এই সিদ্ধান্ত আসার পর দিনভর এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, নিকারের বৈঠকে অনুমোদনের খবর এলাকায় পৌঁছালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নেমে আসেন। বিকেলে মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিকের সভাপতিত্বে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এলাকায় একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। মিছিল শেষে বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আতশবাজি পোড়ানো হয়।
মিছিল-পরবর্তী সমাবেশে মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক বলেন, নতুন উপজেলা ঘোষণার পর পৌরসভা ও থানার অনুমোদন এই জনপদের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখবে। দ্রুত নতুন পৌরসভা ও থানার কার্যক্রম শুরু হলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, নাগরিক সেবা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। এসময় তিনি প্রধানমন্ত্রীর প্রতি অসীম কৃতজ্ঞতা ও প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, মোকামতলা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মানিক, সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল, যুগ্ম আহ্বায়ক মামুন তালুকদার, যুগ্ন আহবায়ক রুহুল আমিন ফটু, আব্দুস সালাম, শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান প্রমূখ।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM