মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পুশ-ইন, অবৈধ সীমান্ত পারাপার, মাদক চোরাচালান ও মানব পাচারসহ বিভিন্ন ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ৩টা পর্যন্ত ব্যাটালিয়নের অধীনস্থ খোশালপুর, শ্যামকুড়, লড়াইঘাট ও শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়।
মাইকিংয়ের মাধ্যমে সীমান্ত এলাকার বাসিন্দাদের দিন-রাত ২৪ ঘণ্টা সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানানো হয়। বিশেষ করে সীমান্তের ওপারে প্রতিপক্ষের গেটসহ সীমান্তসংলগ্ন এলাকার সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়। কোনো অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক দলকে সীমান্ত এলাকায় ঘোরাফেরা করতে দেখলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা টহল দলকে অবহিত করার অনুরোধ জানানো হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করা হচ্ছে। তবে সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনসাধারণের সচেতনতা, সতর্কতা ও আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই পুশ-ইন, মাদক চোরাচালান, মানব পাচার ও অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ করা সম্ভব।
৫৮ বিজিবি মনে করে, সীমান্তের প্রতিটি বিওপি ও ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরনের সচেতনতামূলক প্রচার কার্যক্রম অব্যাহত থাকলে সীমান্ত অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। এ লক্ষ্যে সীমান্তবাসীর সহযোগিতা কামনা করেছে বিজিবি। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM