জিএম মাকছুদুর রহমান, স্টাফ রিপোর্টার:
কাঠ ব্যবসার পুরোনো বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার পর ‘স্বাভাবিক মৃত্যু’ বলে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতের নির্দেশে ব্রাহ্মণপাড়া থানায় হত্যা মামলা নথিভুক্ত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) মামলাটি এফআইআর হিসেবে রুজু করে পুলিশ। নিহত কাঠ ব্যবসায়ী মো. ছিদ্দিক মিয়ার ছেলে মো. বাহার মিয়ার দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলি আদালত মামলাটি গ্রহণের আদেশ দেন। মামলায় ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের বাসিন্দা মো. মাহফুজ মিয়া (৪৫), মো. ইমন (২০) এবং মো. ফারুক ওরফে চোরা ফারুককে (৪০) আসামি করা হয়েছে। মামলার নথি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রথম আসামি মাহফুজ মিয়ার সঙ্গে ছিদ্দিক মিয়ার কাঠের ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন ও বিরোধ চলছিল। অভিযোগ অনুযায়ী, ওই বিরোধের জের ধরে গত ১৮ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে মুঠোফোনে ডেকে ছিদ্দিক মিয়াকে আসামিদের বাড়ির সংলগ্ন এলাকায় নেওয়া হয়। সেখানে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয় এবং আলামত ও লাশ গুমের উদ্দেশ্যে পাশের বিলের একটি ডোবায় ফেলে রাখা হয়।বাদীপক্ষের দাবি, ঘটনার পর পুরো বিষয়টিকে স্ট্রোকজনিত স্বাভাবিক মৃত্যু হিসেবে রূপ দেওয়ার এবং দ্রুত দাফন সম্পন্ন করার চেষ্টা চলে। কিন্তু গোসল করানোর সময় স্বজনরা ছিদ্দিক মিয়ার গলায় ও পিঠের অংশে নখের আঁচড়সহ আঘাতের চিহ্ন দেখতে পান। এরপরই সন্দেহ ঘনীভূত হলে পরিবারের পক্ষ থেকে আদালতের দ্বারস্থ হন নিহতের ছেলে বাহার মিয়া। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, আদালতের নির্দেশ পাওয়ার পরপরই অভিযোগটি থানায় এফআইআর হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তের অগ্রগতি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এজাহারে আনা অভিযোগগুলোর বিষয়ে পুলিশি তদন্ত এবং পরবর্তীতে বিচারিক প্রক্রিয়ায় প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM