রাজবাড়ীর গোয়ালন্দ প্রতিনিধি:
ভাইয়ের কর্মসূত্রে পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব। আর সেই বন্ধুত্ব একসময় রূপ নেয় ভালোবাসায়। ভালোবাসার টানে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক যুবক। অবশেষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তরুণী নার্গিস আক্তারকে বিয়ে করেছেন চীনা নাগরিক জ্যাকি চেউং।
ভিন্ন দেশের দুই নাগরিকের এই ব্যতিক্রমী বিয়ের ঘটনা ইতোমধ্যে গোয়ালন্দ এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে। বিদেশি জামাইকে একনজর দেখতে কনের বাড়িতে ভিড় করছেন স্থানীয় উৎসুক মানুষ।
জানা গেছে, গত ১ নভেম্বর বাংলাদেশে আসেন চীনা নাগরিক জ্যাকি চেউং। এরপর ৩ নভেম্বর আদালতের মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। পরবর্তীতে ১৩ নভেম্বর পারিবারিক ও সামাজিক আয়োজনে মুসলিম রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। দুই পরিবারের সম্মতিতেই তাঁদের এই বিয়ের আয়োজন করা হয়েছে।
জ্যাকি চেউং ও নার্গিস আক্তারের পরিচয়ের গল্পটিও বেশ ব্যতিক্রমী। নার্গিসের ভাই সিরাজুল ইসলাম ঢাকার একটি চীনা প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন জ্যাকি চেউং। কর্মক্ষেত্রেই তাঁদের মধ্যে পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে।
একপর্যায়ে জ্যাকি বাংলাদেশে বিয়ে করার আগ্রহ প্রকাশ করেন। বিষয়টি জানার পর সিরাজুল ইসলাম তাঁর বোন নার্গিসের সঙ্গে জ্যাকির পরিচয় করিয়ে দেন। এরপর তাঁদের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। সেই সম্পর্কের পরিণতিতেই দুই পরিবারের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।
ভিন্ন দেশ, ভিন্ন সংস্কৃতি আর ভাষার পার্থক্য পেরিয়ে ভালোবাসার এমন পরিণতি এখন গোয়ালন্দের মানুষের মধ্যে কৌতূহল ও আলোচনার বিষয় হয়ে উঠেছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM