ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি,সাকিব হাসান নাইম:
দোকানের বিস্কুট খাওয়ার অভিযোগে ফাঁদ পেতে একটি মা বিড়ালকে হত্যার অভিযোগ উঠেছে বেকারি দোকানির বিরুদ্ধে। মায়ের মৃত্যুতে অসহায় হয়ে পড়ে তার দুটি ছোট ছানা। এ ঘটনায় স্থানীয় এক প্রাণিপ্রেমী যুবকের অভিযোগের পর অভিযুক্ত দোকানিকে ব্যতিক্রমী শাস্তি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আগামী ছয় মাস বাজারের সব কুকুর ও বিড়ালের খাবারের ব্যবস্থা করতে হবে তাঁকে।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বলগাড়ি বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত দোকানির নাম সারোয়ার হোসেন (৫২)। নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন তিনি।
গত রোববার (১৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে বিড়াল হত্যার ঘটনার বিচার চেয়ে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে যান স্থানীয় যুবক মেহেদী হাসান ইমু।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে দোকানের ভেতরে চিকন নাইলনের দড়ি দিয়ে ফাঁদ তৈরি করে রাখেন ওই বেকারি দোকানি। খাবারের সন্ধানে দোকানে ঢুকে ফাঁদে আটকা পড়ে মা বিড়ালটি। পরে গলায় দড়ি পেঁচানো অবস্থায় বিড়ালটির মৃত্যু হয়। পরদিন সকালে দোকানের সামনে পড়ে থাকতে দেখা যায় তার নিথর দেহ।
স্থানীয়দের দাবি, বিড়ালটি এর আগে ওই দোকান থেকে কয়েক প্যাকেট বিস্কুটসহ বিভিন্ন খাবার খেয়েছিল। এতে ক্ষুব্ধ হয়েই দোকানি ফাঁদ পেতে রেখেছিলেন বলে অভিযোগ ওঠে।
মেহেদী হাসান ইমু বলেন, বিড়ালটির দুটি ছোট ছানা রয়েছে। মায়ের মৃত্যুর পর ছানা দুটি অসহায় হয়ে পড়েছে। খাবারের সন্ধানে একটি দোকানে প্রবেশ করায় এভাবে একটি প্রাণীকে হত্যা করার বিষয়টি তাঁকে ব্যথিত করে। তাই ঘটনার বিচার ও প্রতিকারের দাবিতে তিনি প্রশাসনের দ্বারস্থ হন।
অভিযোগের বিষয়ে দোকানি সারোয়ার হোসেন নিজের ভুল স্বীকার করেন। তাঁর ভাষ্য, দীর্ঘদিন ধরে রাতে দোকান বন্ধ করার পর বিড়ালটি ভেতরে ঢুকে বিস্কুটসহ বিভিন্ন খাবার নষ্ট করছিল। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ফাঁদ পেতে রাখেন। সেই ফাঁদে আটকা পড়েই বিড়ালটির মৃত্যু হয়। তবে নিজের এমন কাজকে অন্যায় উল্লেখ করে অনুতপ্ত হওয়ার কথা জানান তিনি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে অঙ্গীকার করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। অভিযোগ পাওয়ার পর বিচারপ্রার্থী যুবক ও সংশ্লিষ্ট দোকানিকে কার্যালয়ে ডেকে পাঠানো হয়। পরে দোকানি নিজের ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ক্ষমা চান।
তিনি আরও জানান, শাস্তি হিসেবে আগামী ছয় মাস বলগাড়ি বাজারের সব কুকুর ও বিড়ালের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করতে দোকানিকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাঁকে সতর্ক করা হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM