মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:
মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখা এবং প্রস্তাবিত নিয়োগ কাঠামো পরিবর্তনের ক্ষেত্রে পেশাগত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজশাহীতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকার প্রায় ৬০ থেকে ৭০ জন নিকাহ রেজিস্ট্রার অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সাবেক সভাপতি কাজী মোঃ আব্দুল জব্বার, সমিতির আহ্বায়ক কাজী খবরব হোসেন, চারঘাট ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী মোঃ জহুরুল আলম এবং বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী মোঃ হাবিবুর রহমানসহ রাজশাহী সিটি করপোরেশন ও জেলার বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রাররা।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ড এবং ইউনিয়নে একজন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগ ও বহাল রাখতে হবে। দীর্ঘদিন ধরে প্রচলিত নিয়োগব্যবস্থা পরিবর্তন করে একজনের পরিবর্তে তিনজন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তা বাস্তবায়ন করা হলে সংশ্লিষ্টদের সরকারি বেতন-ভাতাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
তারা বলেন, নিকাহ রেজিস্ট্রাররা দীর্ঘদিন ধরে নির্ধারিত অধিক্ষেত্রের আওতায় দায়িত্ব পালন করে আসছেন। হঠাৎ করে নিয়োগ কাঠামো ও অধিক্ষেত্র পরিবর্তন করা হলে তাদের পেশাগত স্থিতিশীলতা ও আর্থিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। তাই কোনো ধরনের পরিবর্তনের আগে সংশ্লিষ্টদের স্বার্থ ও ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
বক্তারা আরও বলেন, মুসলিম নিকাহ রেজিস্ট্রেশন-সংক্রান্ত প্রচলিত আইনটি প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের সময়ে প্রণীত হয়েছিল। দীর্ঘদিন ধরে কার্যকর থাকা এ আইনে পরিবর্তন না আনার দাবি জানান তারা। একই সঙ্গে নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
কর্মসূচি থেকে বক্তারা তাদের উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় দাবি আদায়ে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
সংশ্লিষ্টদের মতে, নিকাহ রেজিস্ট্রারদের নিয়োগ কাঠামো, অধিক্ষেত্র এবং পেশাগত নিরাপত্তার বিষয়টি দ্রুত সমাধান করা না হলে এ নিয়ে তাদের মধ্যে অসন্তোষ আরও বাড়তে পারে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM