শফিকুল বারী সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট কবি ও রাজনীতিবিদ প্রয়াত মমিনুল মউজদীনের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি স্মরণে তাঁর কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের হাসনরাজা পরিবারের পারিবারিক কবরস্থানে মরহুম মমিনুল মউজদীন, তাঁর স্ত্রী ও সন্তানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্মৃতি সংসদের সদস্যরা। পরে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
স্মরণসভায় বক্তারা প্রয়াত নেতার বর্ণাঢ্য জীবনের নানা দিক স্মরণ করেন। তাঁর বড় ভাই এবং সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন বলেন, “মমিনুল মউজদীন এই পরিবারের গৌরব। উত্তরাধিকারী হিসেবে তিনি মরমী সাধক হাসনরাজার চেতনা ও ঐতিহ্য যথাযথভাবে ধারণ করতেন।”
তিনবারের সফল পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীন শুধু একজন জনপ্রতিনিধিই ছিলেন না, বরং সুনামগঞ্জের মানুষের কাছে তিনি একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। জীবদ্দশায় তিনি দুর্নীতি, মাদক, নকল এবং সব ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে আপসহীন ও সোচ্চার ভূমিকা পালন করেছিলেন।
উল্লেখ্য, ২০০৭ সালের ১৫ নভেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মমিনুল মউজদীন, তাঁর স্ত্রী, সন্তান ও গাড়িচালক একসঙ্গে প্রাণ হারান। সেই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো সুনামগঞ্জে নেমে এসেছিল গভীর শোকের ছায়া।
রাজনীতিবিদের পাশাপাশি তিনি একাধারে একজন কবি, সাহিত্যিক ও ক্রীড়া সংগঠক ছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই মানুষটির শূন্যতা আজও গভীরভাবে অনুভব করেন সুনামগঞ্জবাসী। সাধারণ মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি সুনামগঞ্জ শহরকে একটি আধুনিক মডেল ও ‘জ্যোৎস্নার শহর’ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতেন তিনি। জনবান্ধব ও মানবিক এই নেতার অবর্তব্যে তাঁর মতো ব্যক্তিত্ব ভবিষ্যতে আর সৃষ্টি হবে কি না, তা নিয়ে আজও সংশয় প্রকাশ করেন স্থানীয়রা।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM