জিএম মাকছুদুর রহমান, স্টাফ রিপোর্টার:
নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন সেবা নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা শুরু করতে যাওয়া কুমিল্লা ওয়াসার অস্থায়ী কার্যালয়ের ঠিকানা চূড়ান্ত হয়েছে। নগরীর ধর্মসাগর সংলগ্ন কুমিল্লা ঈদগাহের পশ্চিম পাশে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দ্বিতীয়তলা ভবনে প্রতিষ্ঠানটির অস্থায়ী কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (১৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এই অস্থায়ী কার্যালয়ের অনুমোদনপত্র হস্তান্তর করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (সংস্থাপন) মোহাম্মদ ফয়জুল ইসলাম সুমন কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদের (ভিপি ওয়াসিম) হাতে অনুমোদনপত্র তুলে দেন।
অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা) এহতেশামুল রাসেল খান, প্রধান প্রকৌশলী মো. জামানুর রহমান এবং পার্বত্য চট্টগ্রাম সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের (জিওবি-এডিবি) প্রকল্প পরিচালক মো. শফিকুল হাসান। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, অস্থায়ী কার্যালয়ের ভবন চূড়ান্ত হওয়ায় কুমিল্লা ওয়াসার প্রাতিষ্ঠানিক কার্যক্রম গতিশীল করার নতুন দুয়ার খুলেছে। এর মধ্য দিয়ে নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত নিরাপদ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বাস্তবায়নের পথে আরেক ধাপ অগ্রগতি হলো। অনুমোদনপত্র গ্রহণ শেষে কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ বলেন, কুমিল্লাবাসীর কাঙ্ক্ষিত পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন সেবা নিশ্চিত করতে ওয়াসার কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। তিনি আরও বলেন, কথায় নয়, কাজে বিশ্বাসী। কুমিল্লার উন্নয়নে কাজ করে যেতে চাই।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM